5.2 C
London
February 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ছোট নৌকায় আসা আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো নিয়ে আইনি লড়াই ও প্রতিবাদ

যুক্তরাজ্যের বিতর্কিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ স্কিমের আওতায় আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে পাঠানোর ডিপোর্টেশন ফ্লাইট বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার ও শরণার্থী সংগঠনগুলো। তারা বলছে, এসব ফ্লাইট “নিষ্ঠুর ও জোরপূর্বক ডিপোর্টেশন”-এ সহায়তা করছে এবং এতে নির্যাতন ও মানবপাচারের শিকার ব্যক্তিরাও ঝুঁকিতে পড়ছেন।

 

চ্যানেলের দুই পাড়ের ২৮টি এনজিও চারটি এয়ারলাইনের কাছে চিঠি পাঠিয়েছে—Air France (এয়ার ফ্রান্স), Titan Airways (টাইটান এয়ারওয়েজ), AlbaStar (আলবাস্টার এয়ারলাইনস) এবং Corendon Airlines (কোরেনডন এয়ারলাইনস)। চিঠিতে এসব এয়ারলাইনের “লজ্জাজনক সম্পৃক্ততা” বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে এয়ার ফ্রান্সের বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া হয়েছে এবং অন্য তিনটি এয়ারলাইনকে প্রকাশ্যে ঘোষণা দিতে বলা হয়েছে যে তারা আর হোম অফিসের হয়ে ডিপোর্টেশন পরিচালনা করবে না। সংগঠনগুলোর অভিযোগ, এসব এয়ারলাইন নিষ্ঠুর ও জোরপূর্বক ডিপোর্টেশনে “সহযোগী” ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার সকালে কয়েক ডজন আশ্রয়প্রার্থীকে জোরপূর্বক ফ্রান্সে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে সতর্ক করা হয়েছিল, তাদের মধ্যে কয়েকজন ফ্রান্সে ফিরে গেলে মানবপাচারকারীদের হুমকির মুখে পড়তে পারেন।

ডিপোর্টেশনের প্রতিবাদে আটক ব্যক্তিরা অনশন ধর্মঘট করেন। কয়েকজন আটক ব্যক্তি জানান, তারা চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন; কেউ কাঁদছিলেন, কেউ আত্মহত্যাপ্রবণ চিন্তার কথাও বলেছেন। একজন সিরীয় আশ্রয়প্রার্থী বলেন, “এটি ডিটেনশন সেন্টার নয়, এটি কারাগার। আমরা কোনো অপরাধ করিনি। ছোট নৌকায় আসার কারণে আমাদের অপরাধী বলা হচ্ছে।”

আরেকজন জানান, তিনি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এবং ডিটেনশন সেন্টারের চিকিৎসক তাকে জরুরি সার্জারির প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেন, তীব্র ব্যথার কারণে তিনি খাওয়া, পান করা বা ঘুমাতে পারছেন না। তবে হোম অফিস সূত্র জানিয়েছে, তাকে ফ্লাইটে ভ্রমণের জন্য মেডিক্যালি ফিট হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দুটি ডিপোর্টেশন ফ্লাইট বাতিল হয়েছে। হোম অফিস জানিয়েছে, একটি ফ্লাইট ফরাসি পক্ষের “অপারেশনাল জটিলতা”-র কারণে বাতিল করা হয়। এই স্কিম অনুযায়ী, একজন আশ্রয়প্রার্থী বৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পাবেন, বিনিময়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা আরেকজনকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে।

গত মাসে একটি ডিপোর্টেশন ফ্লাইটের আগে শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও শেষ পর্যন্ত ফ্লাইটটি পরিচালিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ, কুকুর এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই স্কিম আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করতে পারে।

বৃহস্পতিবারের ডিপোর্টেশনের আগে ১৬ জন আশ্রয়প্রার্থী এই ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতির বিরুদ্ধে হাই কোর্টে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন। তারা মানবপাচার-সংক্রান্ত দাবি পুনর্বিবেচনার সুযোগ সীমিত করার নতুন গাইডলাইন বাতিলের আবেদন জানিয়েছেন। মামলাটি জোরপূর্বক ফেরত পাঠানোর ধারাবাহিকতার কারণে দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্র্যান্টসের মুখপাত্র গ্রিফ ফেরিস বলেন, “যুদ্ধ ও নির্যাতন থেকে নিরাপত্তা খুঁজতে আসা মানুষদের সঙ্গে এভাবে আচরণ করা অমানবিক। তাদের আশা-স্বপ্ন ও পরিবার রয়েছে। আমরা এয়ারলাইনগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন এই নিষ্ঠুর ও বর্ণবাদী ডিপোর্টেশনে আর সহযোগিতা না করে।”

গত সেপ্টেম্বর থেকে স্কিম চালুর পর ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা আশ্রয়প্রার্থীদের মধ্যে ২ শতাংশেরও কমকে ফেরত পাঠানো হয়েছে। ৩০৫ জনকে ফ্রান্সে ডিপোর্ট করা হয়েছে এবং ৩৬৭ জনকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ১,৫২৮ জন চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে পৌঁছেছেন। খারাপ আবহাওয়ার কারণে এ সংখ্যা তুলনামূলকভাবে কম বলে ধারণা করা হচ্ছে। হোম অফিস ও সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ইংল্যান্ডে ক্যান্সার আক্রান্ত’রা প্রতিবন্ধী ভাতার জন্য সাত মাস অপেক্ষা করছেঃ গবেষণা

এনএইচএস-এর কর্মী সংকটে কার্ডিয়াক ও ক্যান্সার অপারেশন বিলম্বিত

অনলাইন ডেস্ক

লন্ডনে বাসস্টপে ভেপ করলে জরিমানা সর্বোচ্চ £১,০০০ পাউন্ড