যুক্তরাজ্যে বছরের তৃতীয় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করায় ইংল্যান্ড ও ওয়েলসের বেশ কয়েকটি স্কুল শুক্রবার আগাম ছুটি ঘোষণা করেছে। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং দেশের বিস্তীর্ণ অঞ্চলে ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রা বিরাজ করবে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা মিডল্যান্ডস ও দক্ষিণ ইংল্যান্ডের জন্য অ্যাম্বার হিট-হেলথ অ্যালার্ট জারি করেছে, যা রবিবার রাত পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে জুন মাসের তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজারেরও বেশি স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হয়েছিল।
মেট অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সারের উইসলিতে সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে অষ্টমবারের মতো তাপমাত্রা ৩৪ ডিগ্রি বা তার বেশি হলো, যা যুক্তরাজ্যে নতুন বার্ষিক রেকর্ড।
এদিকে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ন্যাশনাল ফায়ার চিফস কাউন্সিল জনগণকে গ্রামাঞ্চল, পার্ক ও উন্মুক্ত স্থানে ডিসপোজেবল বারবিকিউ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি সিগারেটের অবশিষ্টাংশ ও কাচের বোতল যথাযথভাবে ফেলারও পরামর্শ দিয়েছে। গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার প্রাক্কালে কর্তৃপক্ষ নিরাপদে উষ্ণ আবহাওয়া উপভোগ এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
সূত্রঃ মিরর
এম.কে

