24.9 C
London
August 14, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বন্দুকধারীর খবরে স্ট্র্যাটফোর্ডে ট্রেন খালি করে তল্লাশি চালাল পুলিশ

বন্দুকধারী একজন ব্যক্তি ট্রেনে অবস্থান করছেন—এমন সংবাদের পর লন্ডন আন্ডারগ্রাউন্ডের সেন্ট্রাল লাইনে বুধবার (১২ আগস্ট) সকালে ব্যাপক নিরাপত্তা অভিযান চালায় ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি)। স্ট্র্যাটফোর্ড স্টেশনে ট্রেনটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং সশস্ত্র পুলিশ পুরো ট্রেন তল্লাশি করে।

পুলিশ জানায়, সকাল ৭টা ৪৪ মিনিটে সেন্ট্রাল লাইন ট্রেনে একজনের কাছে আগ্নেয়াস্ত্র থাকার খবর পাওয়ার পরপরই সশস্ত্র কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়। স্ট্র্যাটফোর্ড স্টেশনে পৌঁছে ট্রেনটি খালি করে প্রতিটি বগিতে তল্লাশি চালানো হয়।

তবে অভিযান শেষে ট্রেনে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। পুলিশের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে এমন কোনো ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি। তবুও কীভাবে এই তথ্য এসেছে এবং এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিটিপি।

ঘটনার জেরে সেন্ট্রাল লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে সেবা পুনরায় চালু হলেও নর্থ অ্যাক্টন থেকে লেটনস্টোন পর্যন্ত অংশে কিছু সময় ট্রেন বিলম্বে চলাচল করেছে।

অভিযানের পর স্ট্র্যাটফোর্ড স্টেশনের প্ল্যাটফর্মে সশস্ত্র পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। ব্যস্ত সময়ে এমন নিরাপত্তা অভিযান যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “আজ সকাল ৭টা ৪৪ মিনিটে সেন্ট্রাল লাইন ট্রেনে একজনের কাছে আগ্নেয়াস্ত্র থাকার খবর পাই। স্ট্র্যাটফোর্ড স্টেশনে সশস্ত্র কর্মকর্তারা ট্রেনটি খালি করে তল্লাশি চালান। কোনো আগ্নেয়াস্ত্র বা বর্ণনার সঙ্গে মিলে এমন কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে যাদের কাছে তথ্য রয়েছে, তাদের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ মাই লন্ডন

এম.কে

আরো পড়ুন

দাম নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে নতুন উদ্যোগঃ সুপারমার্কেটে মূল্যসীমা নির্ধারণের পরিকল্পনা

মুসলমানদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যে ১৪ কোটি টাকার তহবিল ঘোষণা

ব্রিটেনে রাজনীতির নতুন সমীকরণঃ ফারাজের উত্থানে প্রগতিশীল জোটের প্রতিরোধ