23.3 C
London
July 4, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বন্ধ হলো আরও দুটি পুরোনো ভাতা ব্যবস্থাঃ ইএসএ ও হাউজিং বেনিফিটের অবসান

যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি) আনুষ্ঠানিকভাবে পুরোনো দুটি প্রধান সামাজিক নিরাপত্তা ভাতা—আয়ভিত্তিক কর্মসংস্থান ও সহায়তা ভাতা (ইনকাম-রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স-ইএসএ) এবং বাসাভাড়া ভাতা (হাউজিং বেনিফিট)—বন্ধ ঘোষণা করেছে। ২০২৬ সালের ৩০ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে সরকারের বহু বছর ধরে চলা ভাতা সংস্কার কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

সরকার জানিয়েছে, এই কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ মানুষকে সফলভাবে নতুন ইউনিভার্সাল ক্রেডিট ব্যবস্থায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে যুক্তরাজ্যের পুরোনো একাধিক ভাতা একীভূত করে একটি সমন্বিত ব্যবস্থার অধীনে নিয়ে আসার লক্ষ্য পূরণ হয়েছে।

ডিডব্লিউপির ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চালু থাকা বিভিন্ন পৃথক ভাতা ব্যবস্থা ছিল জটিল ও পুরোনো। তাই সেগুলোকে আধুনিক, সহজ এবং কার্যকর করতে ধাপে ধাপে ইউনিভার্সাল ক্রেডিট চালু করা হয়। এর আগেই শিশু কর-ছাড় (চাইল্ড ট্যাক্স ক্রেডিট), কর্মরতদের কর-ছাড় (ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট), আয়ভিত্তিক চাকরিপ্রার্থী ভাতা (ইনকাম-বেসড জবসিকার্স অ্যালাউন্স) এবং ইনকাম সাপোর্টসহ অন্যান্য পুরোনো ভাতা বন্ধ করে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তর করা হয়েছিল।

তবে নতুন ব্যবস্থায় স্থানান্তরের ফলে যাতে কোনো উপযুক্ত পরিবার হঠাৎ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার ট্রানজিশনাল প্রোটেকশন বা অন্তর্বর্তীকালীন আর্থিক সুরক্ষা সুবিধা চালু রেখেছে। যেসব পরিবারের ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় প্রাপ্য অর্থ আগের ভাতার তুলনায় কম হবে, তারা নির্ধারিত শর্ত পূরণ করলে এই সুরক্ষার মাধ্যমে অতিরিক্ত আর্থিক সহায়তা পাবেন।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় একটি বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন সম্পন্ন হলো। তবে নতুন ব্যবস্থায় স্থানান্তরের পর সুবিধাভোগীদের আর্থিক অবস্থার ওপর এর প্রভাব কী হবে, তা পর্যবেক্ষণ করা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে

আরো পড়ুন

রুয়ান্ডা পরিকল্পনা বাতিল হলেও ক্ষতিপূরণ দিতে হবে নতুন যুক্তরাজ্য সরকারকে

ধর্ষণ বিষয়ে তামাশা, বর্ণবাদসহ বহু নোংরামির দায়ে জর্জরিত স্কটল্যান্ড ইয়ার্ড

ইংল্যান্ডে স্কুলের মোবাইল ফোন নীতি শিক্ষক–কর্মীদের ওপর ‘বড় চাপ’—গবেষণা