13.1 C
London
October 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বিদেশি কর্মী নিয়োগের ‘দ্রুত সমাধান’ বেকারত্ব বাড়াচ্ছেঃ শাবানা মাহমুদ

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিদেশি কর্মীর ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, অভিবাসনকে দ্রুত জনবল সংকট সমাধানের উপায় হিসেবে ব্যবহার করা হলে ব্রিটেনের তরুণদের কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

শাবানা মাহমুদ জানিয়েছেন, বিদেশ থেকে কর্মী আনার জন্য বিভিন্ন মন্ত্রী সপ্তাহে এক থেকে দুইবার তার কাছে আবেদন করেন। তার মতে, স্বল্পমেয়াদি জনবল সংকট পূরণে বিদেশি কর্মী নিয়োগের পরিবর্তে ব্রিটেনের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বারবার অভিবাসনের পথ ব্যবহার করে শ্রমবাজারের ঘাটতি পূরণ করা হলে দেশের দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সমস্যার সমাধান হবে না। তিনি উল্লেখ করেন, বর্তমানে ব্রিটেনে প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে।

বিদেশি কর্মী নিয়োগকে স্বল্পমেয়াদি সমাধান হিসেবে ব্যবহারের সমালোচনা করে শাবানা মাহমুদ বলেন, প্রায়ই তাকে বলা হয় বিষয়টি জরুরি এবং অপেক্ষা করার সময় নেই। তবে তার মতে, সরকারকে এ ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে।

তিনি আরও বলেন, কম মজুরির বিদেশি শ্রমের ওপর নির্ভরতা শুধু স্থানীয় কর্মীদের চাকরির সুযোগের ওপর চাপ তৈরি করে না, বিদেশ থেকে আসা কর্মীদেরও ক্ষতির মুখে ফেলে। বিশেষ করে সামাজিক পরিচর্যা খাতে কম বেতন ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের মতো সমস্যা এখনও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্রঃ দ্য সান\দ্য টাইমস

এমকে

আরো পড়ুন

ফরাসি পুলিশকে ফাঁকি দিয়ে নারী-শিশুকে ঢাল বানিয়ে ব্রিটেনে পৌঁছাচ্ছে পুরুষ অভিবাসীরা

“ব্রিটিশদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা বিনামূল্যে হওয়া উচিত”—পোর্টসমাউথ ভাইস-চ্যান্সেলর

ই-সিগারেট বন্ধ হতে যাচ্ছে যুক্তরাজ্যে