TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ব্লুমসবারি ইনস্টিটিউটের স্টুডেন্ট স্পন্সর লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা দিয়ে ব্লুমসবারি ইনস্টিটিউটের স্টুডেন্ট স্পন্সর লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের হোম অফিস। ৫ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটি আর নতুন কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্টুডেন্ট রুটে স্পন্সর করতে পারবে না। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সরকারি রেজিস্টার অব স্টুডেন্ট স্পন্সরস থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

হোম অফিস জানিয়েছে, ব্লুমসবারি ইনস্টিটিউট বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট (BCA)-এর বাধ্যতামূলক মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। মূল্যায়নের সময় প্রতিষ্ঠানগুলোর জন্য ভিসা প্রত্যাখ্যানের হার ১০ শতাংশের নিচে, ভর্তি হার কমপক্ষে ৯০ শতাংশ এবং কোর্স সম্পন্নের হার অন্তত ৮৫ শতাংশ রাখা বাধ্যতামূলক ছিল। এসব শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্লুমসবারিকে পুরোনো নিয়মে মূল্যায়ন করা হলেও ১ জুন ২০২৬ থেকে কার্যকর হওয়া আরও কঠোর নতুন নিয়মেও প্রতিষ্ঠানটি উত্তীর্ণ হতে পারত না বলে জানিয়েছে হোম অফিস। নতুন নিয়ম অনুযায়ী এখন ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের নিচে, ভর্তি হার ৯৫ শতাংশ এবং কোর্স সম্পন্নের হার ৮৫ শতাংশ বজায় রাখা বাধ্যতামূলক।

সর্বশেষ HESA তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ব্লুমসবারি ইনস্টিটিউটে মোট ১,০৩৫ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৮০০ জনের বেশি, অর্থাৎ প্রায় ৮০ শতাংশই আন্তর্জাতিক শিক্ষার্থী। আর ওই আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় ৯৩ শতাংশই পাকিস্তানের নাগরিক, ফলে লাইসেন্স বাতিলের প্রভাব বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থীর ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

তবে বর্তমানে প্রতিষ্ঠানটিতে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করা শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। হোম অফিস জানিয়েছে, সীমিত সময়ের জন্য ব্লুমসবারি বর্তমান স্পন্সরপ্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। যারা এই সময়ের মধ্যে কোর্স শেষ করতে পারবেন না, তাদের অন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠানে স্থানান্তরের জন্য সহায়তা দেওয়া হবে। আর যারা স্থানান্তর করতে পারবেন না, তাদের যোগ্য হলে অন্য কোনো অভিবাসন রুটে আবেদন করতে হবে, নতুবা যুক্তরাজ্য ত্যাগ করতে হতে পারে।

এই ঘটনাকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা ব্যবস্থায় বাড়তি কড়াকড়ির স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক মাসগুলোতে হোম অফিস আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। সরকার স্পষ্ট করেছে, নির্ধারিত কমপ্লায়েন্স মানদণ্ড পূরণে ব্যর্থ হলে শুধু নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধই নয়, প্রয়োজনে স্পন্সর লাইসেন্সও বাতিল করা হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

জুনিয়র চিকিৎসকের ধর্মঘট, হুমকিতে ব্রিটেনের স্বাস্থ্যসেবা

লন্ডনে বাসচালককে মারধরের পর মৃত্যুঃ হত্যা তদন্ত শুরু

শামীমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ