34 C
London
July 9, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মধ্যম আয়ের স্নাতকরাই সবচেয়ে বড় ঋণের বোঝা বহন করছেন

সবচেয়ে বেশি আয়ের স্নাতকরা দ্রুত ঋণমুক্ত হচ্ছেন, আর সবচেয়ে কম আয়ের স্নাতকদের ঋণের সামান্য অংশই কখনো পরিশোধ হয়। কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছেন এই দুইয়ের মাঝামাঝি অবস্থানের স্নাতকরা — যারা সারাজীবন উচ্চ হারে ঋণ পরিশোধ করেও কখনো তা পুরোপুরি শোধ করতে পারবেন না।

বিশ্লেষণ অনুযায়ী, মলিকুলার বায়োলজি, বায়োফিজিক্স ও বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকরা সবচেয়ে বেশি প্রভাবিত। শুরুতে বার্ষিক প্রায় ৩০ হাজার পাউন্ড আয় এবং বছরে ৬.২ শতাংশ হারে বেতন বৃদ্ধির প্রেক্ষাপটে তাদের জীবদ্দশায় স্টুডেন্ট লোনস কোম্পানিকে (এসএলসি) মোট ১ লাখ ৩২ হাজার পাউন্ড পরিশোধ করতে হতে পারে — যা তাদের ধার নেওয়া অর্থের দ্বিগুণেরও বেশি।
এই গ্র্যাজুয়েটদের আয় যথেষ্ট বেশি হওয়ায় তারা সর্বোচ্চ হারে সুদ গোনেন, অথচ তা এত বেশিও নয় যে মূল ঋণ দ্রুত শেষ হয়ে যাবে। ফলে তারাই মূলত ভর্তুকি দিচ্ছেন সেইসব স্নাতকদের, যারা তুলনামূলক কম আয়ের বিষয়ে পড়াশোনা করেছেন।

অন্যদিকে, অপথ্যালমিক ডিপ্লোমাধারীদের গড় শুরুর বেতন মাত্র ২৬ হাজার পাউন্ড এবং বার্ষিক বেতনবৃদ্ধি মাত্র ২.৯ শতাংশ হওয়ায় তারা গড়ে মাত্র ৫ হাজার ১০০ পাউন্ড ফেরত দেবেন বলে ধারণা করা হচ্ছে — যা অন্য যেকোনো বিষয়ের তুলনায় সর্বনিম্ন। নৃত্যকলা (৭,৪০০ পাউন্ড), বিকল্প চিকিৎসা (১৭,১০০ পাউন্ড) এবং কিছু সৃজনশীল শিল্পকলা ও ডিজাইন (১৯,১০০ পাউন্ড) বিষয়ের স্নাতকরাও তাদের ধার নেওয়া অর্থের অর্ধেকেরও কম শোধ করবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, কারণ ৩০ বছর পর অবশিষ্ট ঋণ স্বয়ংক্রিয়ভাবে মওকুফ হয়ে যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বাভাস বলছে, প্ল্যান ২ ঋণে থাকা মোট স্নাতকদের এক-তৃতীয়াংশেরও কম ৩০ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পুরো ঋণ শোধ করতে পারবেন।

প্রায় সব দেশীয় শিক্ষার্থীই একই টিউশন ফি দেন — যা গত সেপ্টেম্বরে বেড়ে ৯,৫৩৫ পাউন্ডে দাঁড়িয়েছে এবং এই বছর আরও বেড়ে হবে ৯,৭৯০ পাউন্ড। তবে দুটি বিষয় ঋণ পরিশোধে বড় পার্থক্য গড়ে দেয়: প্রবেশ পর্যায়ের উচ্চ বেতন এবং মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে বেতনবৃদ্ধি — যা বর্তমান অনেক বিষয়ের ক্ষেত্রেই নিশ্চিত নয়।

২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে প্ল্যান ২-এর আওতায় ঋণ নেওয়া প্রায় ৬০ লাখ তরুণ এখন আয়ের ভিত্তিতে পরিবর্তনশীল সুদের হারের চাপে রয়েছেন। যারা বছরে ৫২,৮৮৫ পাউন্ডের বেশি আয় করেন, তাদের জন্য বর্তমান সুদহার ৬.২ শতাংশ।
সরকারি নীতিও এই সমস্যা আরও জটিল করেছে। ২০২৫ সালের বাজেটে চ্যান্সেলর রেচেল রিভস ঘোষণা দেন যে বর্তমান পরিশোধ-সীমা (২৯,৩৮৫ পাউন্ড) আগামী তিন বছর মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় না করে ফ্রিজ রাখা হবে। এই সীমার ওপরে আয় করা স্নাতকদের আয়ের ৯ শতাংশ এসএলসিকে পরিশোধ করতে হয়।

কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এ বছরের শুরুতে বলেন, বর্তমান স্নাতকদের পরিস্থিতি দেখে তিনি হতবাক, এবং এ কারণেই লাখো তরুণ মনে করছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

স্টুডেন্ট লোন প্রচারাভিযান সংগঠন ‘রিথিংক রিপেমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অলিভার গার্ডনার বলেন, কারো ৫০ হাজার পাউন্ড ঋণের বিপরীতে ১ লাখ ৩০ হাজার পাউন্ডের বেশি ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়া অন্যায্য। তিনি প্ল্যান ২ ঋণের সুদহারকে অতিরিক্ত কঠোর আখ্যা দিয়ে বলেন, নিয়মিত মাসিক কিস্তি পরিশোধ করেও অনেক স্নাতক ক্রমবর্ধমান ঋণের ফাঁদে আটকা পড়ছেন। তিনি সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে বাড়ি কেনা বা পরিবার শুরু করার সংগ্রামে থাকা স্নাতকদের ওপর থেকে এই বোঝা কমানো যায়।

সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, যেসব বিষয়ে অন্তত ৫০ জন স্নাতকের আয়ের তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে দেখা যায় এ বছর কর্মজীবনে প্রবেশ করা স্নাতকদের মাত্র ২৬ শতাংশ তাদের ঋণ পুরোপুরি পরিশোধ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এই হিসাব করা হয়েছে স্নাতকের পাঁচ থেকে দশ বছর পরের বেতনবৃদ্ধির হারের সঙ্গে অফিস ফর বাজেট রেসপনসিবিলিটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস মিলিয়ে। একজন সাধারণ স্নাতকের ক্ষেত্রে এই হার দাঁড়ায় ৫.৫ শতাংশ — যা কর্মজীবী তরুণদের সামগ্রিক গড় (৫.২ শতাংশ) এবং সামগ্রিক অর্থনীতির গড়ের (৪.৯ শতাংশ) চেয়েও বেশি।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, প্ল্যান ২ সহ বর্তমান স্টুডেন্ট লোন ব্যবস্থাটি তারা আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। তিনি আরও বলেন, করদাতা ও বর্তমান-ভবিষ্যৎ শিক্ষার্থীদের সুরক্ষার জন্যই পরিশোধ-সীমা ফ্রিজ রাখা হয়েছে, এবং আয় ও অবশিষ্ট ঋণের ভিত্তিতে পরিশোধ নির্ধারিত হওয়ায় কম আয়ের স্নাতকরা সুরক্ষিত থাকেন, আর মেয়াদ শেষে তাদের অবশিষ্ট ঋণ মওকুফ হয়ে যায়।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

লন্ডনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুলিবর্ষণে যুবক নিহত

যুক্তরাজ্যে কাজের জন্য বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল আইডি

নিউজ ডেস্ক

ক্রিসমাসে ধর্মঘট করবেন যুক্তরাজ্যের বর্ডার ফোর্সের কর্মীরা

অনলাইন ডেস্ক