27.7 C
London
May 24, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মে মাসেই ভয়াবহ তাপপ্রবাহ, ৩৪ ডিগ্রির আশঙ্কা

মে মাস শেষ হওয়ার আগেই ভয়াবহ তাপপ্রবাহে কাঁপছে যুক্তরাজ্য। ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে ‘হিটওয়েভ’ ঘোষণা করেছে দেশটির আবহাওয়া বিভাগ মেট অফিস। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপজুড়ে অস্বাভাবিক এই গরম দ্রুত বাড়ছে।

রবিবার সাফোকের স্যান্টন ডাউনহ্যাম এলাকায় টানা তিন দিন ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো হিটওয়েভের মানদণ্ড পূরণ হয়। পরে লন্ডনের হিথ্রো, কিউ গার্ডেনস ও নর্থোল্ট, অক্সফোর্ডশায়ারের বেনসন, সাফোকের ব্রুমস বার্ন এবং এসেক্সের হাই বিচ ও রিটল এলাকাও তাপপ্রবাহের আওতায় আসে।

মেট অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সোমবার তা আরও বেড়ে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠার আশঙ্কা রয়েছে। এমনটি হলে এটি হবে মে মাসের ইতিহাসে যুক্তরাজ্যের সবচেয়ে উষ্ণ দিন এবং ব্যাংক হলিডের সবচেয়ে গরম দিন।

মেট অফিসের আবহাওয়াবিদ জোনাথন ভোট্রি বলেন, “এটি বছরের এই সময়ের জন্য সত্যিই ব্যতিক্রমধর্মী তাপমাত্রা। প্রচুর রোদ থাকবে এবং দেশের বহু এলাকায় অস্বাভাবিক গরম অনুভূত হবে।”

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান জলবায়ু পরিস্থিতির কারণে চরম গরম এখন আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন দেখা দিচ্ছে। মেট অফিসের তথ্য অনুযায়ী, মে মাসে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে ফেলার সম্ভাবনা এখন শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

শনিবার ছিল চলতি বছরের প্রথম ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিন। ১৯৫২ সালের পর এবারই সবচেয়ে আগে, অর্থাৎ ২৩ মে’র মধ্যেই যুক্তরাজ্যে ৩০ ডিগ্রি স্পর্শ করা হলো।

তীব্র গরমে সমুদ্রসৈকতগুলোতে মানুষের ঢল নামে। ফোকস্টোন, মার্গেট ও ওয়েমাউথ সৈকতে হাজারো মানুষকে রোদ উপভোগ করতে দেখা গেছে। গরমের কারণে ঐতিহ্যবাহী ক্রিকেট ভেন্যু লর্ডসও তাদের কড়া পোশাকবিধি শিথিল করতে বাধ্য হয়েছে। ওয়েম্বলিতে অনুষ্ঠিত লীগ ওয়ান প্লে-অফ ফাইনালেও খেলোয়াড়দের জন্য অতিরিক্ত পানীয় বিরতির ব্যবস্থা করা হয়।

এদিকে প্রচণ্ড গরমের প্রভাবে কেন্টের চারিং, চালক ও মোলাশ এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা টানা দ্বিতীয় দিনের মতো পানি না পাওয়া বা কম চাপের অভিযোগ করেছেন। সাউথ ইস্ট ওয়াটার জানিয়েছে, পাম্পিং স্টেশনের সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে।

স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ ইস্ট মিডল্যান্ডস, ওয়েস্ট মিডল্যান্ডস, পূর্ব ইংল্যান্ড, লন্ডন ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অ্যাম্বার হিট-হেলথ অ্যালার্ট জারি করেছে। সতর্কতা বুধবার পর্যন্ত বহাল থাকবে।

সংস্থাটি জানিয়েছে, এই তাপপ্রবাহের কারণে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের মৃত্যুঝুঁকি বাড়তে পারে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, নদী, হ্রদ ও জলাধারে নামার ক্ষেত্রেও সতর্কতা দেওয়া হয়েছে। ন্যাশনাল ওয়াটার সেফটি ফোরামের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পানিসংক্রান্ত দুর্ঘটনায় মৃত্যুর ৬১ শতাংশই ঘটেছে অভ্যন্তরীণ জলাশয়ে। মে মাসেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে গিয়ে অনেকে ঝুঁকিপূর্ণভাবে পানিতে নামছেন, যা প্রাণঘাতী হতে পারে। তাই নিরাপদ স্থানে ধীরে ধীরে পানিতে নামা এবং বিপদে পড়লে ‘ফ্লোট টু লিভ’ কৌশল অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ক্যান্সারের জন্য পছন্দের সব খাবারই ছাড়লেন ব্রিটিশ রাজা!

অনলাইনে শুক্রাণু কিনে ইউটিউব দেখে জন্ম নিলো “ই-বেবি”

শিশুদের তথ্য চুরির অভিযোগে যুক্তরাজ্যের আদালতে টিকটকের বিরুদ্ধে মামলা