TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে রমজানে ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদে কুড়ালসহ সন্দেহভাজন আটক

রমজানে ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদে কুড়ালসহ সন্দেহভাজন আটক, বাড়ানো হলো নিরাপত্তা
রমজানের নামাজ চলাকালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদে কুড়ালসহ এক ব্যক্তির প্রবেশের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ আহত হননি এবং কোনো হুমকির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

 

পুলিশ জানায়, পঞ্চাশোর্ধ্ব এক শ্বেতাঙ্গ ব্যক্তি ভিক্টোরিয়া পার্ক এলাকায় অবস্থিত মসজিদটিতে প্রবেশ করেন। তার পরনে ছিল প্রতিফলকযুক্ত পোশাক। তার ব্যাগে একটি কুড়াল, একটি ছুরি ও একটি হাতুড়ি পাওয়া যায়। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে মসজিদের স্বেচ্ছাসেবীরা তাকে একটি কক্ষে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন।

পুলিশ পৌঁছানোর আগে পর্যন্ত স্বেচ্ছাসেবীরা শান্তভাবে তার সঙ্গে কথোপকথন চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। মসজিদের চেয়ারম্যান হাম্মাদ খান জানান, লোকটি শান্ত ছিল এবং আগে তাকে মসজিদে দেখা গেছে। তার কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ–সংক্রান্ত কিছু কাগজপত্র ও সংবাদপত্রের কাটিংও ছিল, যা পুলিশ জব্দ করেছে।

সন্দেহভাজনকে আক্রমণাত্মক অস্ত্র ও শ্রেণি ‘বি’ মাদক রাখার সন্দেহে আটক রাখা হয়েছে। ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে ঘোষণা করা হয়নি, তবে সন্ত্রাসবিরোধী ইউনিটের সঙ্গে সমন্বয়ে তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে, একজন কৃষ্ণাঙ্গ পুরুষকে খোঁজা হচ্ছে, যিনি সন্দেহভাজনের সঙ্গে ছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ পৌঁছানোর আগেই সরে যান।

মসজিদ কর্তৃপক্ষ ঘটনাটিকে “গুরুতর নিরাপত্তা ঘটনা” হিসেবে বর্ণনা করেছে। উপস্থিত এক দায়িত্বমুক্ত বিশেষ কনস্টেবল দ্রুত পুলিশকে খবর দিলে ১৫ মিনিটের মধ্যে বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়।

ঘটনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উদ্বেগ প্রকাশ করে বলেন, রমজানের মতো শান্তি ও আত্মসংযমের সময়ে এমন ঘটনা মুসলিম সম্প্রদায়ের জন্য দুশ্চিন্তার। তিনি মসজিদ, মুসলিম বিদ্যালয় ও কমিউনিটি কেন্দ্রগুলোর নিরাপত্তায় অতিরিক্ত চার কোটি পাউন্ড পর্যন্ত বরাদ্দের কথা উল্লেখ করেন।

পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জন ওয়েবস্টার জানান, মুসলমানদের ধর্মীয় আচার পালনের সময় নিরাপদ বোধ করা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে। কর্মকর্তারা বারো ঘণ্টার পালায় দায়িত্ব পালন করবেন এবং দ্বিতীয় সন্দেহভাজনকে শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সংসদ সদস্য আফজাল খান বলেন, সাম্প্রতিক অর্থায়ন ঘোষণার প্রেক্ষাপটে এ ঘটনা প্রমাণ করে উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা কতটা জরুরি। পুলিশ প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে তদন্তে সহায়তার আহ্বান জানিয়েছে।

মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম সম্প্রদায় হুমকি ও বিদ্বেষের বৃদ্ধির মুখোমুখি হয়েছে। তারা মুসল্লিদের দলবদ্ধভাবে চলাচল ও শিশুদের একা না রাখার পরামর্শ দিয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের অর্থনীতি অনাকাঙ্ক্ষিতভাবে সংকুচিত, র‍্যাচেল রিভসের জন্য বড় ধাক্কা

হিথ্রো থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিল

যুক্তরাজ্যে যৌন নির্যাতনের ধামাচাপা ইতিহাস উন্মোচিত হতে যাচ্ছে