7 C
London
March 25, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সব ধরনের ভিসা ফি বৃদ্ধি, শিক্ষার্থীদের খরচ বাড়ছে

যুক্তরাজ্য সরকার সব ধরনের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। দেশটির স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, শিক্ষার্থী, ভিজিটর, কর্মী এবং নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রেও নতুন ফি কাঠামো প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তে বিদেশি শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন হার অনুযায়ী, ছয় মাস পর্যন্ত ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। দুই বছর মেয়াদি ভিজিট ভিসা ৩১ পাউন্ড বেড়ে ৫০৬ পাউন্ড, পাঁচ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসা ৬৯ পাউন্ড বাড়িয়ে ১ হাজার ১২৮ পাউন্ড করা হয়েছে।

একাডেমিক কাজে ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। একই পরিমাণ বৃদ্ধি করে বেসরকারি চিকিৎসা ভিসার ফিও ২৩৪ পাউন্ড করা হয়েছে।

ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। বিমানবন্দর ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্ত ট্রানজিট ভিসা সাড়ে চার পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ ফি ৪ পাউন্ড বাড়ানো হয়েছে।

বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রেও ব্যয় বাড়ছে। তিন বছর পর্যন্ত কাজের জন্য স্পনসরশিপ ফি ৫০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য খাতে কর্মীদের জন্য এই বৃদ্ধি তুলনামূলক কম—যথাক্রমে ২০ পাউন্ড ও ৩৮ পাউন্ড। মৌসুমি কর্মীদের আবেদন ফি ২১ পাউন্ড বাড়ানো হয়েছে।

উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এসেছে। আবেদনকারী ও তাদের নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড করা হয়েছে। একই হারে শিশু শিক্ষার্থীদের ভিসা ফিও ৫৫৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫২৪ পাউন্ড।

এ ছাড়া স্বল্পমেয়াদি শিক্ষার্থী—যারা ছয় মাসের বেশি কিন্তু ১১ মাসের কম সময়ের জন্য ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ করেন—তাদের ভিসা ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২২৮ পাউন্ড করা হয়েছে।

যুক্তরাজ্যের অভ্যন্তরে দক্ষ কর্মীদের স্পনসরশিপ আবেদন ফিও বাড়ানো হয়েছে। তিন বছর পর্যন্ত কাজের জন্য ৫৮ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বাড়ানো হয়েছে। পাশাপাশি ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ফি ৭২ পাউন্ড বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই ফি বৃদ্ধি আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে। বিশেষ করে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে

আরো পড়ুন

ফ্রান্সের নাগরিকত্ব চান বোরিস জনসনের বাবা

রাজা চার্লসের পর কেট মিডলটনেরও ক্যানসার ধরা পড়ল

ইসরায়েল-গাজা পোস্টে মিথ্যা জড়ানো: বহিষ্কারের ক্ষতি পূরণে আদালতের দ্বারস্থ শিক্ষার্থী