14.5 C
London
August 31, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্ট্যাম্প ডিউটি ও কাউন্সিল ট্যাক্সে পরিবর্তনের জল্পনাঃ বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

যুক্তরাজ্যে নেতৃত্ব পরিবর্তনের পর নতুন সরকারের প্রথম বাজেটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে আগে থেকেই চাপে থাকা লাখো পরিবার এখন স্ট্যাম্প ডিউটি, কাউন্সিল ট্যাক্স এবং সম্ভাব্য নতুন সম্পত্তি কর নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

অ্যান্ডি বার্নহ্যাম লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ নতুন চ্যান্সেলর (অর্থমন্ত্রী) হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। ফলে সরকারের অর্থনৈতিক নীতি এবং কর কাঠামো নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো স্ট্যাম্প ডিউটি ও কাউন্সিল ট্যাক্স সংস্কার। মর্টগেজ ঋণদাতা প্রতিষ্ঠান MPowered-এর মর্টগেজ পরিচালক পিটার স্টিমসনের ভাষায়, বর্তমান স্ট্যাম্প ডিউটি ব্যবস্থা পুরোনো এবং কাউন্সিল ট্যাক্সও অনেকের কাছে ন্যায্য বলে বিবেচিত হয় না। তবে নতুন করব্যবস্থা চালুর ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান ব্যবস্থার পরিবর্তে যদি বার্ষিক ভূমি কর (Annual Land Tax) চালু করা হয় অথবা ম্যানশন ট্যাক্সের আওতা বাড়ানো হয়, তাহলে প্রকৃত সম্পদের পরিবর্তে বাড়ির বাজারমূল্য বৃদ্ধির কারণে অনেক সাধারণ বাড়ির মালিক অতিরিক্ত করের বোঝায় পড়তে পারেন। বিশেষ করে দক্ষিণ ইংল্যান্ডের বাসিন্দারা এর বেশি প্রভাব অনুভব করতে পারেন।

অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান Menzies LLP-এর অংশীদার ক্রেইগ হিউজ মনে করেন, নতুন সম্পত্তিভিত্তিক কর আরোপ করা হলে জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা পরিবারগুলোর নির্দিষ্ট মাসিক ব্যয় আরও বেড়ে যাবে। একই সঙ্গে এটি যুক্তরাজ্যের ইতোমধ্যে দুর্বল আবাসন বাজারে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে।

তবে অর্থনীতিবিদদের একটি অংশ কিছুটা আশার কথাও বলছেন। বিনিয়োগ বিশেষজ্ঞ অ্যাঞ্জেলিন অংয়ের মতে, সরকারি বন্ডের ফলন (গিল্ট ইয়িল্ড) এবং সোয়াপ রেট কমে গেলে ভবিষ্যতে স্থির সুদের (ফিক্সড-রেট) মর্টগেজ ঋণের সুদ কিছুটা কমতে পারে, যা ঋণগ্রহীতাদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, শুধুমাত্র বাজারের আস্থা যথেষ্ট নয়; দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে নতুন সরকারের বিশ্বাসযোগ্য ও কার্যকর অর্থনৈতিক নীতিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে নতুন সরকারের প্রথম বাজেটে স্ট্যাম্প ডিউটি, কাউন্সিল ট্যাক্স এবং সম্পত্তি কর নিয়ে কী ঘোষণা আসে, সেদিকেই এখন নজর রাখছেন যুক্তরাজ্যের লাখো বাড়ির মালিক, ভাড়াদাতা, প্রথমবারের মতো বাড়ি কিনতে ইচ্ছুক ক্রেতা এবং আবাসন খাতসংশ্লিষ্টরা।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

রুয়ান্ডা প্ল্যান বাতিল বলে গণনা করুনঃ কেয়ার স্টারমার

যুক্তরাজ্যে পুলিশকে কামড়ে দিলেও জেল হলো না আশ্রয়প্রার্থীর

২০২৪ সালে যুক্তরাজ্যে বাড়ির দাম বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ