17.3 C
London
September 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ৬৯ বছরের মধ্যে সর্বোচ্চ গরমঃ এসির নজিরবিহীন সংকট

তীব্র তাপ্রবাহের কবলে পড়া যুক্তরাজ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এয়ার কন্ডিশনার বা এসির সরবরাহ সম্পূর্ণ ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একজন এসি প্রকৌশলী। গত সপ্তাহের রেকর্ড ভাঙা গরমে দেশটিতে এসির চাহিদা আকাশচুম্বী হওয়ায় এই নজিরবিহীন সংকট তৈরি হতে যাচ্ছে।

গত ২৬ জুন যুক্তরাজ্যের ইতিহাসে জুনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস (৯৯.৯ ডিগ্রি ফারেনহাইট), যা ১৯৫৭ সালে রেকর্ড করা পূর্ববর্তী সর্বোচ্চ ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসের (৯৬ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে।

কেমব্রিজশায়ারের এলি এলাকার একটি এসি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রধান ও প্রকৌশলী নিক বার্টন বিবিসি রেডিও কেমব্রিজশায়ারের ডটি ম্যাকলিওড-কে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এমন কিছু দেখতে যাচ্ছি যা আগে কখনো দেখা যায়নি। আমার মনে হয় না যুক্তরাজ্যে আর খুব বেশি এসির ইউনিট অবশিষ্ট থাকবে।

ক্রমবর্ধমান উত্তপ্ত গ্রীষ্মকালকে এই শিল্পের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় হিসেবে বর্ণনা করে তিনি যোগ করেন, এসি এখন আর কেবল কোনো বিলাসিতা নয়, এটি এখন প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে।

বার্টন জানান, সাধারণ সময়ে গ্রীষ্মকালের একটি স্বাভাবিক সপ্তাহে যেখানে সর্বোচ্চ ৩০টি এসির জন্য অনুসন্ধান বা ইনকোয়ারি আসতো, সেখানে গত মাত্র এক সপ্তাহে তার কোম্পানি এসি ইনস্টলেশনের জন্য ৯০০টিরও বেশি অনুরোধ পেয়েছে। তবে এই বিপুল চাহিদা থাকা সত্ত্বেও তার সরবরাহকারীরা এসির দাম বাড়াননি বলে তিনি নিশ্চিত করেছেন।

বিবিসি-র জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’ -এর বিজয়ী ও এসি উদ্যোক্তা ডিন ফ্র্যাঙ্কলিনও মনে করেন, যুক্তরাজ্যের বাড়িঘরগুলোতে এখন এসি একটি সাধারণ বিষয় বা নিয়মে পরিণত হতে যাচ্ছে। গত সপ্তাহে বিবিসি নিউজবিট-কে তিনি বলেন, আজকাল এসি ছাড়া গাড়ি কেনার কথা কেউ ভাবতেই পারে না, এটি গাড়ির স্ট্যান্ডার্ড ফিচার হিসেবেই আসে। আমি মনে করি, মানুষের বাড়িঘরের ক্ষেত্রেও ভবিষ্যতে ঠিক এটাই হতে যাচ্ছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ইউরোপীয় কমিশনের ইউকের বিরুদ্ধে নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা

নিউজ ডেস্ক

অভিবাসন পরিকল্পনা নিয়ে চাপে সরকারঃ অভিবাসন নীতিতে আপত্তি লেবার এমপিদের

যুক্তরাজ্য স্থানীয় সরকার পরিবর্তন আনতে চায় ডাস্টবিন সংগ্রহে