TV3 BANGLA
আমেরিকা

যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার পরীক্ষা আজঃ আতঙ্কিত না হওয়ার আহ্বান ফেমার

যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি সতর্কবার্তা ব্যবস্থা বা ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের (ইএএস) নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। এ পরীক্ষা চলাকালে দেশজুড়ে টেলিভিশন ও রেডিও সম্প্রচারে প্রায় এক মিনিটের জন্য বিঘ্ন ঘটবে। তবে এ নিয়ে আতঙ্কিত না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে (ইস্টার্ন টাইম) পরীক্ষামূলক সতর্কবার্তা প্রচার করা হবে। এ সময় টেলিভিশন, রেডিও, কেবল টিভি, স্যাটেলাইট রেডিও এবং তারযুক্ত ভিডিও সেবায় চলমান অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে সতর্কবার্তা দেখা বা শোনা যাবে।

ফেমা জানিয়েছে, এটি সম্পূর্ণ নিয়মিত ও আইনগতভাবে বাধ্যতামূলক পরীক্ষা। এর সঙ্গে কোনো বাস্তব জরুরি পরিস্থিতি, বিদ্যুৎ বিভ্রাট কিংবা গোপন কোনো সংকটের সম্পর্ক নেই। পরীক্ষার সময় প্রচারিত বার্তাতেই স্পষ্টভাবে জানানো হবে যে এটি একটি পরীক্ষা এবং সাধারণ মানুষের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

এই পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করছেন, জরুরি সতর্কবার্তা প্রচারের মাধ্যমে সরকার কোনো আসন্ন সংকেত দিচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার সরকার নাগরিকদের বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়ায় এসব গুজব আরও ছড়িয়েছে।

এ পরিস্থিতিতে ফেমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, জরুরি সতর্কবার্তার পরীক্ষা মাত্র এক মিনিট স্থায়ী হবে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি টেলিভিশন ও রেডিওতে পরিচালিত নিয়মিত পরীক্ষা।

২০২৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত সর্বশেষ পরীক্ষার সঙ্গে এবারের পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এবার মোবাইল ফোনে কোনো সতর্কবার্তা পাঠানো হবে না। শুধু টেলিভিশন ও রেডিও সম্প্রচারের মাধ্যমে পরীক্ষাটি পরিচালিত হবে।

২০১৫ সালে পাস হওয়া একটি কেন্দ্রীয় আইনের আওতায় প্রতি তিন বছর অন্তর এই সতর্কবার্তা ব্যবস্থা পরীক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে।

পরীক্ষায় ব্যবহৃত সংকেতে ৮৫৩ ও ৯৬০ হার্টজের দুটি উচ্চমাত্রার শব্দ একই সঙ্গে বাজানো হবে। শব্দটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) তথ্য অনুযায়ী, সতর্কবার্তাটি ইংরেজি ও স্প্যানিশ—উভয় ভাষায় প্রচার করা সম্ভব।

ফেমার প্রশাসক ক্যামেরন হ্যামিল্টন বলেন, প্রকৃত জরুরি পরিস্থিতিতে প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় তথ্য দ্রুত পৌঁছে দিতে ফেমার সতর্কবার্তা ব্যবস্থা কাজ করে।

তার ভাষ্য, এ ধরনের পরীক্ষার মাধ্যমে প্রকৃত জরুরি পরিস্থিতি তৈরি হওয়ার আগেই ব্যবস্থার সম্ভাব্য ত্রুটি শনাক্ত ও সমাধান করা সম্ভব হয়।

এই সতর্কবার্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সমন্বিত জনসতর্কীকরণ ও সতর্কবার্তা ব্যবস্থার (আইপিএডব্লিউএস) অংশ। দাবানল, আকস্মিক বন্যা কিংবা নিখোঁজ ব্যক্তির মতো জরুরি পরিস্থিতিতে জনগণকে দ্রুত সতর্ক করতে এটি ব্যবহার করা হয়।

গত বৃহস্পতিবার মাইক্রোসফটের একটি প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বজুড়ে আউটলুক, কোপাইলট ও টিমসসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত সমস্যার কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সোমবার জেপিমরগান চেজসহ কয়েকটি বড় ব্যাংকের গ্রাহকেরাও অনলাইন সেবা ব্যবহারে সমস্যায় পড়েন।

তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), মাইক্রোসফট ও জেপিমরগান চেজ—তিনটি প্রতিষ্ঠানই জানিয়েছে, এসব সমস্যার পেছনে সাইবার হামলার ঘটনা ছিল না।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট।

এমকে

আরো পড়ুন

বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান অ্যাপল

অনলাইন ডেস্ক

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ কমিয়ে তরুণীর মৃত্যুঃ ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ইরান সমর্থিত মিলিশিয়া কর্তৃক অপহৃত আমেরিকান সাংবাদিক মুক্তি দিল ইরাক