যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে হিন্দুদের দীপাবলি উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণবাদী স্লোগান, রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উগ্র ডানপন্থী কর্মী জেক ল্যাং ও তার সহযোগীরা অনুষ্ঠানে ঢুকে ভারতীয় ও হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে উসকানিমূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘সব ভারতীয়কে বিতাড়িত করো’ এবং ‘খ্রিষ্টানদের জায়গায় হিন্দুদের প্রতিস্থাপন বন্ধ করো’।
শনিবার স্থানীয় সময় আয়োজিত অনুষ্ঠানে এ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজন ব্যক্তি বিক্ষোভকারীদের বাধা দেন এবং শারীরিকভাবে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেন। পরে জেক ল্যাং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনার ছবি প্রকাশ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন।
ল্যাংয়ের অভিযোগ, হিন্দুরা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করছেন এবং টেক্সাসকে ডেমোক্র্যাটদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য দায়ী। তার এ বক্তব্যের পর ঘটনাটি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য প্রমিলা জয়পাল। তিনি বলেন, দীপাবলি উদযাপনের সময় ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের মানুষকে এ ধরনের বর্ণবাদী আচরণের মুখোমুখি হতে হওয়া অত্যন্ত নিন্দনীয়।
ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী অজয় জৈন ভুটোরিয়াও ঘটনাটিকে বর্ণবাদী বিদ্বেষ হিসেবে আখ্যায়িত করেছেন। উত্তর আমেরিকার হিন্দুদের সংগঠন কোহনা জানিয়েছে, শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা চলার সময় বিক্ষোভকারীরা অনুষ্ঠানস্থলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সংগঠনটি আরও দাবি করেছে, তারা অন্য দীপাবলি অনুষ্ঠানেও বাধা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।
জেক ল্যাংয়ের অতীত কর্মকাণ্ডও নতুন করে আলোচনায় এসেছে। তিনি ‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ নামের একটি সংগঠনের নেতৃত্ব দেন এবং ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলায় অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় চার বছর কারাভোগের পর ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমায় মুক্তি পান তিনি।
এদিকে, সিয়াটলের ঘটনার কয়েক দিন আগে শিকাগোর কাছে একটি হিন্দু মন্দিরে গণহত্যার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী আলেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের অভিযোগ, নাৎসি মতাদর্শে বিশ্বাসী ওই তরুণ মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন।
উল্লেখ্য, সিয়াটলের এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করেছেন। একই সময়ে ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসনও ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে উৎসবটি পালন করেন।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া।
এমকে

