TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যৌন হয়রানির ভয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে মেয়েরাঃ লন্ডনের দুই এলাকায় উদ্বেগজনক চিত্র

দক্ষিণ লন্ডনের ল্যামবেথ ও সাউথওয়ার্ক এলাকায় রাস্তায় যৌন হয়রানির কারণে নারী ও কিশোরীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এমনকি হয়রানির ভয়ে স্কুলে হেঁটে যেতেও ভয় পাচ্ছে শিশুরা। পরিস্থিতি মোকাবিলায় নারী ও মেয়েদের জন্য অনলাইনে যৌন হয়রানির অভিযোগ জানানোর একটি ব্যবস্থা চালু করেছেন লন্ডন অ্যাসেম্বলির লেবার পার্টির সদস্য মারিনা আহমেদ।

মারিনা আহমেদ ল্যামবেথ ও সাউথওয়ার্ক এলাকার প্রতিনিধিত্ব করেন। তিনি লন্ডনের পুলিশ ও অপরাধবিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যানও। তার চালু করা অনলাইন ব্যবস্থার মাধ্যমে নারী ও কিশোরীরা তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনা জানাতে পারবেন। চাইলে নিজের নাম ও যোগাযোগের তথ্য দিতে পারবেন, আবার পরিচয় গোপন রেখেও অভিযোগ জানানো যাবে। পাশাপাশি নিজ এলাকার নিরাপত্তা বাড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়েও পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে।

সিটি হল লেবার পার্টির বিশ্লেষণ করা পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর ল্যামবেথ ও সাউথওয়ার্ক এলাকায় ২ হাজার ৩৮৫টি যৌন অপরাধ এবং ৪ হাজার ৫৪১টি হয়রানির ঘটনা নথিভুক্ত হয়েছে। হিসাব অনুযায়ী, এই দুই এলাকায় গড়ে প্রতি চার ঘণ্টায় একটি যৌন অপরাধ এবং প্রতি দুই ঘণ্টায় একটি হয়রানির ঘটনা পুলিশের রেকর্ডে এসেছে।

স্থানীয় নারীদের অভিজ্ঞতা এবং পুলিশের অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মারিনা আহমেদ। তিনি বলেন, স্ট্রেথাম হিল এলাকায় একাধিক নারী তাকে জানিয়েছেন, রাস্তায় পুরুষদের কয়েকটি দলের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কয়েকজন স্কুলছাত্রী ভয় পেয়ে তাদের বাবা-মা বা অভিভাবকদের ফোন করে স্কুল থেকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছে। কারণ, রাস্তার পাশে একদল পুরুষকে দেখে তারা তাদের পাশ দিয়ে হেঁটে যেতে সাহস পাচ্ছিল না।

মারিনা বলেন, এ ধরনের ঘটনা কোনো সাধারণ অসামাজিক আচরণ নয়; এটি অপরাধমূলক কর্মকাণ্ড। বিষয়টি তাকে ক্ষুব্ধ করেছে এবং নারী ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

চলতি মাসের শুরুতে স্ট্রেথাম এলাকায় আয়োজিত আরেকটি জনসভায় ১১ বছর বয়সী এক শিশুর মায়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। ওই নারী জানান, তার মেয়েকে তিনবার একদল ছেলে হয়রানি করেছে। এ কারণে শিশুটি স্কুলে হেঁটে যেতে ভয় পাচ্ছে।

মারিনা আহমেদের অভিযোগ, এ ধরনের হয়রানি এত ঘন ঘন ঘটছে যে অনেক নারী ও কিশোরী এখন আর পুলিশের কাছে অভিযোগ জানাতেও আগ্রহী হচ্ছেন না। নতুন অনলাইন ব্যবস্থার মাধ্যমে কোথায়, কী ধরনের ঘটনা ঘটছে এবং অভিযোগ জানাতে কী কী বাধা রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান তিনি।

লন্ডনের অপরাধসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ওয়েস্টমিনস্টারের পর ল্যামবেথে লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ যৌন অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। ধর্ষণের ঘটনার সংখ্যার দিক থেকেও টাওয়ার হ্যামলেটসের পর ল্যামবেথের অবস্থান দ্বিতীয়।

নারী ও মেয়েদের প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস ২৫ নভেম্বর এই প্রচারাভিযান শুরু হয়েছে। একই সঙ্গে এদিন থেকে শুরু হয়েছে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি, যা ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে শেষ হবে।

অনলাইন অভিযোগ জানানোর ব্যবস্থাটি ব্যবহার করা যাবে সিটি হল লেবার পার্টির ওয়েবসাইটে। কিউআর কোড স্ক্যান করেও এতে প্রবেশ করা যাবে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

অক্সফোর্ড স্ট্রিটকে ‘অপরাধের স্বর্গে’ পরিণত করবে সাদিক খানের পরিকল্পনাঃ স্থানীয়দের অভিযোগ

যুক্তরাজ্যে দ্রুততম গতিতে বাড়ছে দ্রব্যমূল্য, বাড়তে পারে সুদের হারও

অনলাইন ডেস্ক

এই বছরে ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে আসতে পারেন ৫৬ হাজার আশ্রয়প্রার্থী