TV3 BANGLA
আন্তর্জাতিক

রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কাঃ যুদ্ধের জন্য প্রস্তুত হতে ব্রিটেনকে সতর্ক করলেন লর্ডস সদস্যরা

ব্রিটেনকে সম্ভাব্য যুদ্ধের জন্য আগামী ১ হাজার দিনের মধ্যে পূর্ণ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্যরা। তাদের সতর্কবার্তা, বর্তমান গতিতে প্রতিরক্ষা প্রস্তুতি এগোলে সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় দেশটি যথেষ্ট সক্ষমতা অর্জন করতে পারবে না। এ জন্য সরকারকে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে হাউস অব লর্ডসের শিল্প ও নিয়ন্ত্রকবিষয়ক কমিটি বলেছে, প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের প্রচলিত আমলাতান্ত্রিক পদ্ধতি পরিবর্তন করা জরুরি। বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বেসরকারি প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সম্পর্কের ধরনে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।

কমিটির মতে, বর্তমানে সরকার ও প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সম্পর্ক অনেকটা ক্রেতা-বিক্রেতার মতো। সরকার নির্দিষ্ট শর্ত ও প্রযুক্তিগত মানদণ্ড ঠিক করে দেয়, আর প্রতিষ্ঠানগুলো সেই অনুযায়ী পণ্য সরবরাহ করে। কিন্তু আধুনিক যুদ্ধের প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হওয়ায় এই পদ্ধতিতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা দ্রুত গড়ে তোলা সম্ভব হচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে শুধু কম খরচকে গুরুত্ব দিলে চলবে না। বরং দ্রুত সরবরাহ, প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবন এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে একই ধরনের প্রযুক্তি উদ্ভাবনে একাধিক প্রতিষ্ঠানকে অর্থায়ন করার সুপারিশও করেছে কমিটি। এতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা ও বিকল্প সরবরাহব্যবস্থা শক্তিশালী হবে।

কমিটির মতে, প্রতিরক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে নতুন প্রযুক্তি দ্রুত কাজে লাগানোর পরিবর্তে নিয়মকানুন ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণকেই বেশি গুরুত্ব দিয়ে এসেছে। এতে সরঞ্জাম সংগ্রহে বিলম্ব হচ্ছে, অথচ সরকারি অর্থের অপচয় যে কমেছে, তার সুস্পষ্ট প্রমাণ নেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন সামরিক প্রযুক্তি সংগ্রহের ক্ষেত্রে কিছু ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। কোনো প্রকল্পের চূড়ান্ত ফলাফল শুরুতে পরিকল্পিত ধারণার সঙ্গে পুরোপুরি না মিললেও তা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রাখতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে অনেক সময় কম খরচের চেয়ে দ্রুত সক্ষমতা অর্জন বেশি গুরুত্বপূর্ণ।

রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং ন্যাটো জোটের বিরুদ্ধে দেশটির কথিত হাইব্রিড যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটেনের এই প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে। গত মাসে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে ব্রিটেনের প্রতিপক্ষ দেশগুলো দেশটির বিরুদ্ধে হামলা চালানোর মতো সক্ষমতা অর্জন করতে পারে। এ কারণে আগামী ১ হাজার দিনের মধ্যে ব্রিটেনকে যুদ্ধের জন্য প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কমিটির চেয়ার ব্যারোনেস হেইটার বলেন, গত বছর প্রকাশিত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায় সরকার ও প্রতিরক্ষা শিল্পের মধ্যে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুপারিশ করা হয়েছিল। ইউক্রেন যুদ্ধ আধুনিক যুদ্ধের ধরন এবং এর পরিবর্তনশীল চ্যালেঞ্জগুলো স্পষ্ট করে দিয়েছে। তাই প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে আর দেরি করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সরকারকে নতুন প্রযুক্তি গ্রহণে গতি বাড়াতে হবে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতে হবে এবং প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে হবে। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রতিরক্ষা বিনিয়োগ সম্মেলনেও ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ব্রিটিশ চ্যান্সেলর জন হিলি ২০৩০ সালের মধ্যে দেশের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী বছরের ব্যয় পর্যালোচনায় এই লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় ধারাবাহিক প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন ও যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রায় ৩০০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিরক্ষা খাতের কাজ বাড়াতে অতিরিক্ত ২৫০ কোটি পাউন্ড ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ

মুসলিম ছাড়াও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বাড়ছে হালাল খাবারের চাহিদা!

বিশ্বজুড়ে গ্র্যাজুয়েটদের জন্য বন্ধ হচ্ছে চাকুরির দরজা, নিয়োগে ৪৪% কাটছাঁট