12.3 C
London
October 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের ইলিং কাউন্সিলের নতুন উদ্যোগঃ বিনামূল্যে মিলবে স্কুলের পোশাক, জুতা ও ব্যাগ

ব্রিটেনে পরিবারের আর্থিক চাপ কমাতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে পশ্চিম লন্ডনের ইলিং কাউন্সিল। একটি অনলাইন সেকেন্ডহ্যান্ড পোশাকের বাজারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে চালু করা হয়েছে নতুন ‘ক্লিক অ্যান্ড কালেক্ট’ সেবা। এর আওতায় অভিভাবকরা অনলাইনে পোশাক দেখে পছন্দ করতে পারবেন, প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করতে পারবেন এবং নির্ধারিত স্থান থেকে সংগ্রহ করতে পারবেন।

‘ইউনিফর্মড’ নামের অনলাইন প্ল্যাটফর্মে এই সেবা চালু হয়েছে। বর্তমানে রিঅ্যাকটন এবং নর্থফিল্ডস লাইব্রেরি থেকে পোশাক সংগ্রহ করা যাচ্ছে। ভবিষ্যতে ইলিংয়ের আরও বিভিন্ন এলাকায় সংগ্রহকেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে স্কুলের শার্ট, স্কার্ট, ট্রাউজার, খেলাধুলার পোশাক, জুতা এবং ব্যাগ পাওয়া যাচ্ছে। ইলিং কাউন্সিল জানিয়েছে, যুক্তরাজ্যের কোনো স্থানীয় কাউন্সিল হিসেবে তারাই প্রথম ইউনিফর্মড প্ল্যাটফর্মে বিনামূল্যের স্কুল ইউনিফর্মের তালিকা প্রকাশ করেছে।

কাউন্সিলের জলবায়ু কার্যক্রমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য ডমিনিক মোফিট বলেন, শিশুরা দ্রুত বড় হয়ে যাওয়ায় তাদের স্কুলের পোশাক বদলানোর প্রয়োজন হয়। নতুন পোশাক কেনা অনেক পরিবারের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করে। অনলাইনে পোশাকের তালিকা প্রকাশ করায় পরিবারগুলো যাত্রা করার আগেই জানতে পারবে কোন কোন পোশাক পাওয়া যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো বেছে নিতে পারবে।

তিনি আরও বলেন, ভালো মানের ব্যবহৃত পোশাক পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় সেগুলো ফেলে দেওয়ার পরিমাণও কমবে। এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোকে সহায়তা করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব হবে।

ইলিং কাউন্সিল ২০২৫ সালের আগস্টে স্কুল ইউনিফর্ম পুনর্ব্যবহার প্রকল্পটি চালু করে। তখন থেকে বিভিন্ন দল ভালো অবস্থায় থাকা ব্যবহৃত পোশাক সংগ্রহ করে বিভিন্ন কেন্দ্র ও অস্থায়ী বিতরণ কার্যক্রমের মাধ্যমে পরিবারগুলোর মধ্যে বিতরণ করে আসছে।

কাউন্সিলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৬৫টির বেশি পরিবার এই উদ্যোগের সহায়তা পেয়েছে। পাশাপাশি ৮০০টির বেশি স্কুল ইউনিফর্ম ফেলে দেওয়া থেকে রক্ষা করা হয়েছে এবং ৩ লাখ ৩০ হাজার লিটারের বেশি পানি সাশ্রয়ে ভূমিকা রেখেছে এই প্রকল্প।

ইউনিফর্মডের প্রতিষ্ঠাতা আনা রাইট বলেন, সব পরিবারেরই সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পোশাক পাওয়ার সুযোগ থাকা উচিত, যার মধ্যে স্কুল ইউনিফর্মও রয়েছে। ইলিং কাউন্সিলের সঙ্গে কাজ করে স্থানীয় পরিবারগুলোর কাছে ভালো মানের ব্যবহৃত স্কুলের পোশাক পৌঁছে দিতে পেরে তারা সন্তুষ্ট।

ইলিংয়ের বাসিন্দাদের অব্যবহৃত স্কুল ইউনিফর্ম ও পোশাকের হ্যাঙ্গার দান করার আহ্বান জানিয়েছে কাউন্সিল। কোথায় এসব জিনিস জমা দেওয়া যাবে, তার হালনাগাদ তালিকা ‘অ্যাক্ট ফর ইলিং’ ওয়েবসাইটে পাওয়া যাবে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

লকডাউন জরিমানা চালিয়ে যেতে পুলিশকে নির্দেশনা প্রীতি প্যাটেলের

ব্রিটিশদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফ্রান্স

যুক্তরাজ্য ভ্রমণের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক