18.9 C
London
October 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের বাড়িভাড়া থেকে মুক্তিঃ পুরোনো নৌকায় বসবাস করে মাসে সাশ্রয় ১,২২৫ পাউন্ড

লন্ডনের করপোরেট চাকরির ব্যস্ততা ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ে বিরক্ত হয়ে বছরে ৩৭ হাজার ৫০০ পাউন্ড বেতনের চাকরি ছেড়েছেন নাওমি ডার্বিশায়ার (২৯)। মাত্র ২ হাজার পাউন্ডে ফেসবুক মার্কেটপ্লেস থেকে একটি পুরোনো পালতোলা নৌকা কিনে সেটিকে নিজের বসবাসের উপযোগী করে তুলেছেন তিনি।

ব্যবসা বিশ্লেষক হিসেবে কাজ করার সময় নাওমিকে প্রতি মাসে বাড়িভাড়া ও অন্যান্য বিল বাবদ ১ হাজার ৫০০ পাউন্ডেরও বেশি খরচ করতে হতো। এতে নিজের জন্য অর্থ রাখা কিংবা সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছিল। একপর্যায়ে লন্ডনের প্রচলিত জীবনযাত্রা ছেড়ে পানির ওপর নৌকায় বসবাসের সিদ্ধান্ত নেন তিনি।

নাওমি বলেন, পূর্ণকালীন এমন একটি চাকরি করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, যে কাজের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল না। মরিশাসে পানির ওপর সময় কাটানোর ভালো লাগার অভিজ্ঞতা থেকেই তিনি বিকল্প জীবনযাপনের কথা ভাবতে শুরু করেন।

নৌকায় বসবাসের সিদ্ধান্ত নিলেও এর আগে নৌকা চালানো কিংবা বিদ্যুতের সরঞ্জাম ও ড্রিল ব্যবহারের কোনো অভিজ্ঞতা ছিল না তার। তবে ইউটিউবের বিভিন্ন প্রশিক্ষণমূলক ভিডিও দেখে এবং কেন্টের একটি ইয়ট ক্লাবের স্থানীয় সদস্যদের সহযোগিতায় ১৯৭৪ সালে তৈরি নৌকাটি সংস্কারে প্রায় ১০ মাস ব্যয় করেন তিনি।

নাওমি জানান, শুরুতে নৌকাটি পানিতে নামানোর পরপরই ডুবে যাবে বলে আশঙ্কা করেছিলেন। কিন্তু নৌকাটি ভেসে থাকায় তিনি নিজেই অবাক হন। এরপর থেকে সেটি পানিতে ভাসমান রয়েছে।

বর্তমানে নৌকার জন্য মেরিনায় জায়গা ভাড়া নিতে তার মাসে মাত্র ২৭০ পাউন্ড খরচ হচ্ছে। আগের লন্ডনজীবনের তুলনায় এতে প্রতি মাসে প্রায় ১ হাজার ২২৫ পাউন্ড সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এখন নাওমি নমনীয় সময়সূচিতে নৌকা রাখার স্থানে সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি একটি পানশালায় রাঁধুনির দায়িত্ব পালন করছেন। নিজের নৌকার রান্নাঘরের শেষ পর্যায়ের কাজও শেষ করছেন তিনি। সংস্কার সম্পন্ন হলে এই নৌকায় চড়ে ইউরোপের বিভিন্ন দেশে সমুদ্রপথে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন ২৯ বছর বয়সী এই তরুণী।

সূত্রঃ মিরর

এমকে

আরো পড়ুন

ব্রডব্যান্ড বিল বাঁচাতে অফকমের আহ্বান

নির্বাচনে আত্মবিশ্বাসী সুনাক, তবুও ভোটের তারিখ ঘোষণায় গরিমসি

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন বাণিজ্য চুক্তি

অনলাইন ডেস্ক