17.3 C
London
September 11, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনে ঐতিহাসিক ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা

যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—বিবিসিসিআই।
চেম্বারের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত ‘বিবিসিসিআই বিজনেস রিসেপশন ২০২৬’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। লন্ডনের আইভি হিল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবিসিসিআই জানিয়েছে, প্রস্তাবিত ট্রেড সেন্টার দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যুক্তরাজ্য ও বাংলাদেশের বাজারে প্রবেশ অথবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার লক্ষ্যও রয়েছে এই উদ্যোগের।
বিবিসিসিআই’র ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ চেম্বারের কার্যক্রমকে প্রচলিত নেটওয়ার্কিংয়ের গণ্ডি ছাড়িয়ে ব্যবসার জন্য বাস্তব ও কার্যকর সুযোগ তৈরির দিকে নিয়ে যাবে।
তিনি বলেন, “ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টারের লক্ষ্য হলো যোগাযোগকে বাণিজ্যে এবং আকাঙ্ক্ষাকে সুযোগে রূপান্তর করা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে ব্রিটিশ ও বাংলাদেশি ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে পরিচিত হতে, অংশীদারিত্ব গড়ে তুলতে, নতুন বাজার অনুসন্ধান করতে এবং একসঙ্গে ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন।”
চেম্বার জানিয়েছে, ট্রেড সেন্টারের কার্যক্রমের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার, বিনিয়োগের সুযোগ এবং কৌশলগত অংশীদারিত্বের সন্ধানে থাকা ব্যবসাগুলোকেও এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিবিসিসিআই’র প্রেসিডেন্ট মুহিব চৌধুরী বলেন, “ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার একটি আধুনিক ও উচ্চাভিলাষী চেম্বার গড়ে তোলার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যা ব্যবসায়ীদের জন্য বহুমুখী সুযোগ সৃষ্টি করবে। ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে বিবিসিসিআই অগ্রণী ভূমিকা পালন করবে।”
প্রকল্পটি বাস্তবায়নের পরবর্তী ধাপে বিবিসিসিআই দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, সরকারি প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং কৌশলগত অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
চেম্বারের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে এই উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য শুধু নেটওয়ার্কিং নয়, বাস্তব ও অর্থবহ বাণিজ্যিক সম্পৃক্ততার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিবিসিসিআই’র বর্তমান কমিটির উপদেষ্টা ড. ওয়ালি তাসার উদ্দিন, আহমদ উস সামাদ চৌধুরী জেপি, সাইদুর রহমান রেনু, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম ও সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার উপস্থিত ছিলেন।
এছাড়া নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ডিরেক্টর আতাহির খান, বিবিসিসিআই’র প্রধান নির্বাচন কমিশনার জাজ নজরুল খসরু, নির্বাচন কমিশনার ড. জাকির খান ও নির্বাচন কমিশনার তারেক চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, বিবিপিআই’র প্রতিষ্ঠাতা কাউন্সিলর আবদাল উল্লাহ, বিসিএ’র প্রেসিডেন্ট অলি খান, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, জনমত ও কারি লাইফ-এর সম্পাদক সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি তফজ্জুল মিয়া এবং হ্যারোর সাবেক মেয়র সেলিম চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে দুটি ডিরেক্টর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমিরুল ইসলাম চৌধুরী ও জাহিরুল ইসলাম সিআইপি নতুন ডিরেক্টর নির্বাচিত হন।
বিবিসিসিআই জানিয়েছে, ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরিই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
সূত্রঃ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) — প্রেস বিজ্ঞপ্তি
এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে অভিযোগ করার নতুন প্ল্যাটফর্ম চালু

স্কিলড ওয়ার্কারদের জীবনে অনিশ্চয়তাঃ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের স্বপ্ন দূরে

সন্তানদের খাবার জোগাতে কর্মক্ষেত্রে না খেয়ে থাকছেন এনএইচএস নার্স!