TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনে ছেলের মৃত্যু জানার আগেই সিলেটে পিতার ইন্তেকাল

লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত নাফিজুল হক শাকিলের পিতা ফজলুল হক বাংলাদেশ সময় মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের হেড অব কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনক্লুশন খসরুজ্জামান।
জানা গেছে, ফজলুল হক দীর্ঘদিন ধরে স্ট্রোক আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, ফজলুল হক জানতেন না যে তার একমাত্র উপার্জনক্ষম ছেলে নাফিজুল হক শাকিল ইতোমধ্যে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে শাকিলের মৃত্যুসংবাদ গোপন রাখা হয়েছিল।

নাফিজুল হক শাকিল লন্ডনে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত ছিলেন। গত ১৪ জানুয়ারি বুধবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে কাজের সময় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে শাকিলের মরদেহ লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালের করোনার কোর্টে ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফজলুল হকের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বানিগ্রাম (ভাবন গ্রাম) এলাকায়। একের পর এক মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও এই মৃত্যু সংবাদে শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে।

একদিকে লন্ডনে কর্মরত তরুণ শাকিলের আকস্মিক মৃত্যু, অন্যদিকে ছেলের মৃত্যুসংবাদ না জেনেই পিতার পৃথিবী ছেড়ে যাওয়া—এই হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের উইগানে অবৈধ বর্জ্য ফেলার কেলেঙ্কারিঃ কর্তৃপক্ষের উদাসীনতায় জনজীবন বিপর্যস্ত

ডা. দীপু মনি ও অধ্যাপক মশিউর রহমানের সম্পর্ক নিয়ে বিব্রতকর গুঞ্জন

ঐক্যমতের সরকার নয়, একক ক্ষমতায় আত্মবিশ্বাসীঃ রয়টার্সকে তারেক রহমান