বাংলাদেশি নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা ‘দেলুপি’ প্রদর্শিত হতে যাচ্ছে লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া সিনেমাটির প্রদর্শনী হবে ২৪ অক্টোবর সন্ধ্যায়। এর মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির যাত্রায় যুক্ত হচ্ছে নতুন অধ্যায়।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা তাওকীর ইসলাম ২০ অক্টোবর রাতে সিনেমাটির লন্ডন উৎসবে প্রদর্শনীর খবর জানান। তবে সিনেমাটির নির্মাতা ও সংশ্লিষ্ট দলের কেউই প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারছেন না। এ কারণে লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের দলবদ্ধভাবে উৎসবে গিয়ে সিনেমাটি দেখার এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে আলোচনায় আসে ‘দেলুপি’। সিনেমাটিতে অভিনয়ের জন্য এ স্বীকৃতি পান চিরনজিৎ বিশ্বাস। ওই সাফল্যের তিন দিন পর লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর খবর আসে।
আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘দেলুপি’। নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। ইতালির কারাভান উৎসবেও এটি প্রশংসা পেয়েছে বলে ইত্তেফাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি এবং রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘দেলুপি’। সিনেমাটিতে ওই অঞ্চলের স্থানীয় মানুষেরাও অভিনয় করেছেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেনসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
সূত্রঃ লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যাল’
এমকে

