24.3 C
London
May 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

শিশুদারিদ্র্যে শীর্ষে থাকা বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলরদের বেতন বৃদ্ধি

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, যেখানে ব্রিটেনের সর্বোচ্চ শিশুদারিদ্র্যের হার রয়েছে, সেখানে কাউন্সিলররা নিজেদের ভাতা ও বেতন বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সদস্যদের ভাতা বৃদ্ধি বাবদ মোট অতিরিক্ত ব্যয় হবে ১ লাখ ৭৮ হাজার পাউন্ডেরও বেশি।

কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের বার্ষিক বেতন ১৩ শতাংশ বাড়িয়ে ৮১ হাজার ৫৭৯ পাউন্ড থেকে ৯২ হাজার পাউন্ড করা হয়েছে।

স্থানীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে নানা কেলেঙ্কারি ও প্রশাসনিক বিতর্কে জড়িয়ে পড়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। পরিস্থিতির উন্নতিতে ব্রিটিশ সরকারকেও হস্তক্ষেপ করতে হয়েছে।

বর্তমানে কাউন্সিলটি পরিচালনা করছে অ্যাসপায়ার পার্টি, যা একটি স্বতন্ত্র সমাজতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি নির্বাচনে শুধুমাত্র বাংলাদেশি প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কারণে আলোচনায় আসে।

দুই বছর আগে কাউন্সিল ভবন ও সড়কের ল্যাম্পপোস্টে ফিলিস্তিনের পতাকা ওড়ানো নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। পরে সেগুলো সরিয়ে ফেলতে বাধ্য হয় কাউন্সিল।

গত সপ্তাহে অনুষ্ঠিত পূর্ণ কাউন্সিল সভায় সাধারণ কাউন্সিলরদের ভাতা ৭ দশমিক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে ভাতা ১১ হাজার ৮৯৮ পাউন্ড থেকে বেড়ে ১২ হাজার ৭৯২ পাউন্ডে উন্নীত হবে। পাশাপাশি কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদধারীদের জন্য আরও বড় অঙ্কের বেতন বৃদ্ধি অনুমোদন করা হয়েছে।

উপ-মেয়র মাইউম তালুকদারের বেতন ৩৫ শতাংশ বাড়িয়ে ৫৬ হাজার ৮৭৪ পাউন্ড করা হয়েছে। অন্যদিকে ক্যাবিনেট সদস্যদের ভাতা ৬৩ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার ৫০০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

লাইসেন্সিং কমিটির প্রধানের ভাতা ৮ হাজার ৩৭৪ পাউন্ড বাড়ানো হয়েছে, যা শতকরা হিসাবে ১৩০ শতাংশ বৃদ্ধি। এছাড়া স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান অতিরিক্ত ৮ হাজার ৩৮১ পাউন্ড পাবেন, যা ৭০ শতাংশ বৃদ্ধি।

এছাড়া নতুন দুটি বেতনভুক্ত পদ— “অ্যাম্বাসেডর” এবং “ডেপুটি ক্যাবিনেট মেম্বার”— সৃষ্টি করা হচ্ছে। এসব পদের জন্য যথাক্রমে ৬ হাজার ও ৮ হাজার পাউন্ড ব্যয় হবে।

কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, গত চার বছর ধরে সদস্যদের কোনো বেতন বা ভাতা বৃদ্ধি হয়নি। এছাড়া প্রতিবেশী কয়েকটি বরোর তুলনায় এখনো টাওয়ার হ্যামলেটসের ভাতা কম রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বেতন বৃদ্ধি স্বাধীন পারিশ্রমিক পর্যালোচনা প্যানেলের সুপারিশের নিচে রয়েছে বলে দাবি করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটসে যুক্তরাজ্যের মধ্যে সর্বোচ্চ শিশুদারিদ্র্যের হার রয়েছে। একই সঙ্গে ইংল্যান্ডের স্থানীয় প্রশাসনিক এলাকাগুলোর মধ্যে আয়ভিত্তিক বঞ্চনার হারেও এটি দ্বিতীয় সর্বোচ্চ।

লেবার পার্টির কাউন্সিলর ডেভিড এডগার সভায় বলেন, “চার বছর ধরে কোনো বৃদ্ধি হয়নি, তাই কিছু করা প্রয়োজন ছিল। তবে এই বৃদ্ধির পরিমাণ সত্যিই বিস্ময়কর। সাধারণ মানুষ, বিশেষ করে যারা আর্থিক কষ্টে আছেন, তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন না।”

২০২২ সাল থেকে অ্যাসপায়ার পার্টি কাউন্সিল পরিচালনা করছে। চলতি মাসের স্থানীয় নির্বাচনেও দলটি আরও শক্তিশালী অবস্থান অর্জন করেছে। তাদের আসন সংখ্যা ২৩ থেকে বেড়ে ৩৩-এ পৌঁছেছে। টাওয়ার হ্যামলেটসের প্রায় ৩৫ শতাংশ বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত।

২০২৪ সালে কাউন্সিলের প্রশাসনিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ সরকার তদন্তের নির্দেশ দেয়। পরবর্তীতে পরিদর্শকদের প্রতিবেদনে বিভিন্ন ক্ষেত্রে গুরুতর সমস্যা চিহ্নিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে সরকার কাউন্সিলের ওপর বিশেষ হস্তক্ষেপমূলক ব্যবস্থা চালু করে।

চলতি বছরের শুরুতে কমিউনিটিজ সেক্রেটারি স্টিভ রিড বলেন, কাউন্সিল “পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে পারছে না”। এজন্য সরকারি কর্মকর্তাদের আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে।

বেতন বৃদ্ধির বিষয়ে কাউন্সিলের এক মুখপাত্র বলেন, “২০২২ সালে কাউন্সিলররা সদস্যদের ভাতা, মেয়রের ভাতা এবং বিরোধীদলীয় নেতা, ক্যাবিনেট সদস্য ও কমিটি চেয়ারম্যানদের ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে টাওয়ার হ্যামলেটসের ভাতা অন্যান্য সমমানের স্থানীয় কর্তৃপক্ষের তুলনায় কম রয়েছে।”

তিনি আরও বলেন, “উদাহরণ হিসেবে বলা যায়, টাওয়ার হ্যামলেটস মেয়রের ভাতা হ্যাকনি ও নিউহ্যামের মেয়রদের তুলনায় কম এবং ইইন্ডিপেন্ডেন্ট পারিশ্রমিক প্যানেলের সুপারিশেরও নিচে রয়েছে।”

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অভিবাসন নীতিতে ছাড়ের ভাবনা, চাপের মুখে সরকার

জীবাশ্ম জ্বালানি প্রকল্পে সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

স্থানীয় ও জাতীয় নির্বাচনে অবস্থান দৃঢ় করতেই অভিবাসীদের রুয়ান্ডায় প্রেরণ