অতীতের মতো ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে তিনি সংসদে বলেছেন, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটি আমরা নেব না।
জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কাজ পরিচালনার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদের একটি গাড়ি ব্যবহার দেওয়া যায় কি না সেটি এই সংসদে আমি জানিয়েছিলাম।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, গতকালের (মঙ্গলবার) বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির বিষয়টি রয়েছে, সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে- তারা এটি নেবে না। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে।
সংসদ সদস্য বলেন, এখন সরকারি মালিকানাধীন একটি গাড়ি দেওয়ার কথা বলছি।
যতদিন পর্যন্ত এমপি থাকবেন, ঠিক ততদিন গাড়িটি ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না। সংসদ সদস্যদের ৭০ হাজার টাকা গাড়ি মেইনটেনেন্স করার জন্য দেওয়া হলেও আমার গাড়ি নেই।
সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় টেবিল চাপড়ে সংসদ সদস্যরা তাকে সমর্থন জানান।
সূত্রঃ বিবিসি বাংলা
এম.কে

