আন্তর্জাতিক পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভ্রমণ আরও সহজ করতে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই ভিসার আওতায় কোনো স্থানীয় স্পনসর বা স্বাগতিকের প্রয়োজন হবে না। ভিসাধারীরা পাঁচ বছরের মেয়াদে একাধিকবার দেশটিতে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, নতুন এই ভিসা বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। ফলে পর্যটক, ব্যবসায়ী এবং নিয়মিত আমিরাতে যাতায়াতকারীরা আগের তুলনায় আরও সহজ ও নমনীয়ভাবে ভ্রমণের সুযোগ পাবেন।
নতুন নীতিমালা অনুযায়ী, এই ভিসায় প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা যাবে। প্রয়োজন হলে আরও ৯০ দিন পর্যন্ত অবস্থানের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। তবে এক ক্যালেন্ডার বছরে মোট অবস্থানের সময় কোনোভাবেই ১৮০ দিনের বেশি হতে পারবে না।
ভিসা আবেদনকারীদের একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্টের অনুলিপি, ব্যাংক হিসাবে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থ থাকার প্রমাণসহ ব্যাংক স্টেটমেন্ট, বৈধ স্বাস্থ্যবিমার কাগজপত্র এবং যাওয়া-আসার বিমান টিকিট জমা দিতে হবে।
কর্তৃপক্ষের মতে, নতুন এই মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা চালুর ফলে সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইকে আন্তর্জাতিক পর্যটন ও ব্যবসার আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে যারা বছরে একাধিকবার আমিরাতে ভ্রমণ করেন, তাদের জন্য প্রতিবার নতুন ভিসার আবেদন করার ঝামেলা অনেকটাই কমে যাবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী পর্যটক, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের আকৃষ্ট করার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত যে ধারাবাহিকভাবে ভিসা নীতিতে সংস্কার আনছে, পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা চালুর সিদ্ধান্ত সেই কৌশলেরই অংশ। এর মাধ্যমে দেশটি আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন শিল্প এবং বৈশ্বিক বিনিয়োগ আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়েই এগোচ্ছে।
সূত্রঃ গালফ টু’ডে
এম.কে

