16.9 C
London
May 17, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

সরকারি টাকায় প্রেমিকা নিয়ে বিলাসবহুল ভ্রমণ, বিপাকে এফবিআই প্রধান

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহারের নতুন অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দাফতরিক সফরের নামে তিনি তার প্রেমিকাকে নিয়ে বিলাসবহুল আউটিংয়ে মেতেছিলেন, যা নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন বিতর্ক। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬ বছর বয়সী এফবিআই প্রধান গত ১০ মে তার ২৭ বছর বয়সী প্রেমিকা অ্যালেক্সিস উইলকিন্সকে নিয়ে এফবিআই-এর নিজস্ব ‘গালফস্ট্রিম ফাইভ’ জেটে চড়ে ওয়াশিংটন থেকে ফিলাডেলফিয়া যান। সেখানে তারা জর্জ স্ট্রেট ও ক্রিস স্ট্যাপলটনের একটি কান্ট্রি মিউজিক কনসার্ট উপভোগ করেন। ওই কনসার্টের প্রাইভেট স্যুটের খরচ ছিল ৩৫ হাজার থেকে ৫০ হাজার ডলার। প্রতিবেদন অনু্যায়ী, রাত ১১টা পর্যন্ত এফবিআই-এর ফ্লাইট ক্রু এবং নিরাপত্তা কর্মীরা তাদের জন্য অপেক্ষায় ছিলেন, যার ফলে সরকারি কোষাগার থেকে ওভারটাইম ভাতাও গুনতে হয়েছে।

এফবিআই মুখপাত্রের মাধ্যমে প্যাটেলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সংস্থাটি দাবি করেছে, উইলকিন্স ওই শিল্পীদের ‘আমন্ত্রিত অতিথি’ হিসেবে সেখানে গিয়েছিলেন।

প্যাটেলের বিরুদ্ধে এমন ব্যক্তিগত বা প্রমোদ ভ্রমণের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে পার্ল হারবারে ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়ালের কাছে ‘ভিআইপি স্নরকেল’ বা ডুবসাঁতারে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ওই স্থানটি ১৯৪১ সালের হামলায় নিহত মার্কিন সেনাদের স্মরণে নির্মিত একটি পবিত্র স্থান।

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেন, এটি কোনও ছুটি কাটানো ছিল না বরং একটি ‘সরকারি সফর’ ছিলো। ইন্দো-প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেলের আমন্ত্রণে একটি সামরিক ঘাঁটিতে ওই সফর অনুষ্ঠিত হয়েছিল। ডিপার্টমেন্ট অব ওয়ার নিয়মিতভাবেই আন্তঃসংস্থা অংশীদারদের নিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এদিকে সমালোচকরা প্যাটেলের এই জীবনযাত্রাকে ‘অশোভন’ বলে বর্ণনা করেছেন। জাস্টিস কানেকশন-এর প্রতিষ্ঠাতা স্টেসি ইয়াং বলেন, প্যাটেল আমেরিকার নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়ার বদলে বিতর্কিত কাজে জড়িয়ে পড়ার একটি নমুনা তৈরি করেছেন।

গত মাসে এক সংবাদ সম্মেলনে প্যাটেল সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, আমি আমার পূর্বসূরিদের তুলনায় অর্ধেক ছুটি নিয়েছি। আমিই সবার আগে অফিসে আসি এবং সবার শেষে বের হই। প্যাটেলের দাবি, তার বিরুদ্ধে হওয়া সংবাদগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভুল।

সূত্রঃ নিউইয়র্ক টাইমস

এম.কে

আরো পড়ুন

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের কার্যালয়ে উচ্চস্বরে আজান

চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন মারা গেছেন

ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানঃ ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর ১ আগস্ট থেকে