TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সরকারের সিলেট-তামাবিল বাইপাসে প্রবাসীদের জন্য আবাসন প্রকল্পের উদ্যোগ

সিলেটবাসীর দীর্ঘদিনের আবাসন চাহিদা পূরণ এবং প্রবাসীদের জন্য পরিকল্পিত নগর গড়ে তুলতে সিলেট-তামাবিল বাইপাস সড়ক এলাকায় সরকারি উদ্যোগে আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মন্ত্রী সিলেট-তামাবিল বাইপাস এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় প্রস্তাবিত আবাসন প্রকল্প বাস্তবায়নের জন্য এলাকাটির সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের আবাসন চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে বিপুলসংখ্যক প্রবাসী সিলেটে বসবাস ও বিনিয়োগের সঙ্গে যুক্ত থাকায় তাদের জন্য পরিকল্পিত আবাসন ও আধুনিক নগরসুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে নিরাপদ, পরিকল্পিত ও আধুনিক আবাসন গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, সিলেটে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি পরিকল্পিত শহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, সিলেটে উপযুক্ত জায়গা কোথায় রয়েছে, তা খুঁজে দেখা হচ্ছে। সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করে পরিকল্পিত নগর গড়ে তোলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আধুনিক ও স্মার্ট শহরের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

জাকারিয়া তাহের বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখে একটি স্মার্ট সিটিতে যেসব সুযোগ-সুবিধা ও অবকাঠামো প্রয়োজন, সেগুলো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট-তামাবিল বাইপাস এলাকার নগরায়ণে নতুন গতি আসতে পারে। একই সঙ্গে পরিকল্পিত আবাসন, সড়ক যোগাযোগ, নাগরিক সুবিধা এবং আধুনিক অবকাঠামো গড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে প্রকল্পের চূড়ান্ত স্থান, আয়তন, ব্যয়, বাস্তবায়নকাল ও আবাসন বরাদ্দের বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি। সম্ভাব্য স্থান পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থান পরিদর্শনের সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা ফেরদৌসী বেগম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেটের প্রকৌশলী নাজমুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসী অধ্যুষিত সিলেটে পরিকল্পিত আবাসন ও আধুনিক নগরায়ণের দীর্ঘদিনের প্রয়োজন রয়েছে। সেই চাহিদা বিবেচনায় সিলেট-তামাবিল বাইপাস এলাকায় প্রস্তাবিত এই প্রকল্প ভবিষ্যতে সিলেটের আবাসন ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্রঃ সিলেট টুডে ২৪

এম.কে

আরো পড়ুন

প্রত্যাবর্তন ইস্যুতে লন্ডনে শৃঙ্খলার বার্তা তারেক রহমানের

শিক্ষার্থীদের জন্য কানাডার আরও ভিসা চাইলেন ড. ইউনূস

চীনের অর্থায়নে সিলেটে ১ হাজার শয্যার আধুনিক সুপার স্পেশালাইজড হাসপাতাল, স্থান পরিদর্শন সম্পন্ন