15.4 C
London
October 3, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুঃ সাংবাদিকতায় নক্ষত্রের পতন

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ইমরোজ খালিদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে লন্ডনে তার মৃত্যু হয়।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোকের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এরপর শুক্রবার সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

বিডিনিউজের বিশেষ প্রতিনিধি সুমন মাহমুদ জানিয়েছেন, স্ট্রোকের পর তৌফিক ইমরোজ খালিদীর শারীরিক অবস্থা খারাপ ছিল বলে তারা জানতে পেরেছিলেন। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়।

বিডিনিউজের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান জানিয়েছেন, ছেলের সঙ্গে দেখা করতে তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে গিয়েছিলেন। কয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এর আগেই আকস্মিকভাবে তার মৃত্যু হয়।

তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতায় দীর্ঘ ও গুরুত্বপূর্ণ কর্মজীবন রেখে গেছেন। ২০০৬ সালের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরুর সময় থেকেই তিনি প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

১৯৬৭ সালের ১৪ জুন জন্ম নেওয়া তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতায় পথচলা শুরু হয় ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন শীর্ষ সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি সানডে এক্সপ্রেস পত্রিকায় যোগ দেন। পরে দ্য ডেইলি স্টারে কূটনৈতিক প্রতিবেদক, বিজনেস এডিটর, যুগ্ম বার্তা সম্পাদক এবং উইকেন্ড এডিশনের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসেও তিনি সহকারী সম্পাদক ও সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেন।

আন্তর্জাতিক সাংবাদিকতায়ও তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা ছিল। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। এছাড়া প্যারিসের জার্নালিস্টস ইন ইউরোপ ফাউন্ডেশন এবং জাপান ফরেন প্রেস সেন্টারের ফেলো হিসেবে আন্তর্জাতিক সাংবাদিকতায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তৌফিক ইমরোজ খালিদী সংবাদ সম্পাদনা, অনুসন্ধানী ও কূটনৈতিক সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্যবিষয়ক সংবাদ এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমের বিকাশের গুরুত্বপূর্ণ সময়জুড়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেতৃত্ব দিয়েছেন।

তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কয়েক দশকের সাংবাদিকতা জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বাংলাদেশের সাংবাদিকতার জগতে একটি উল্লেখযোগ্য শূন্যতা তৈরি করেছে। তার দীর্ঘ কর্মজীবন, সাংবাদিকতায় অবদান এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেতৃত্বের অধ্যায় বাংলাদেশের সংবাদমাধ্যমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সূত্রঃ দ্য ডেইলি স্টার বাংলা

এমকে

আরো পড়ুন

জামায়াত চাইলে আমিরের উপদেষ্টাকে পদায়নে দেওয়া চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়

বাংলাদেশের যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বড় চমক

মেয়র নির্বাচন করবেন সাদিক কায়েম ও হাসনাত?