17.1 C
London
October 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে দেন।

আদালতে ডনকে নির্দোষ দাবি করে বিভিন্ন যুক্তি তুলে ধরে জামিনের আবেদন করেন তার আইনজীবী মফিজুল ইসলাম আসলাম। তবে শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করেননি। ফলে সালমান শাহ হত্যা মামলায় কারাগারেই থাকতে হচ্ছে এই অভিনয়শিল্পীকে।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে সালমান শাহ হত্যা মামলায় গত ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে, সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত এবং আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

সূত্রঃ চ্যানেল-২৪

এমকে

আরো পড়ুন

আপিল বিভাগের আরো ৫ বিচারপতির পদত্যাগ

ফ্যাসিস্টের শেকড় গভীরে, লড়াই এত সহজ নয়ঃ আইন উপদেষ্টা

নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দিতে হয়েছে ৫০ লাখ ডলার: রয়টার্স