15.4 C
London
October 3, 2026
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটে আবার খুনঃ এবার আলোচনায় দক্ষিণ সুরমার আবদুল মালেক

উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাওয়ার স্বপ্ন দেখছিলেন সিলেটের দক্ষিণ সুরমার তরুণ রাসেল আহমদ। মাত্র সাত দিন আগে তার কাঙ্ক্ষিত ভিসার ইমেইল এসেছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ।

শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ শেষে মায়ের হাতে ভাত খেয়ে তার জন্য ওষুধ কিনতে বের হন রাসেল। এরপর দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার মা। ছেলের নিথর দেহের পাশে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার ভাষ্য, নামাজ পড়ে ভাত খেয়ে রাসেল মায়ের জন্য ওষুধ আনতে বের হয়েছিলেন। কিন্তু আর ফিরে আসেননি; ফিরেছেন লাশ হয়ে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য বিএনপির সিলেট-০৩ আসনের সাংসদ আবদুল মালেককে দায়ী করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সিলাম চকেরবাজার এলাকার একটি স্থানীয় ওয়াকফ এস্টেট নিয়ে গত আগস্ট থেকেই শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। একপর্যায়ে সংঘর্ষ সহিংসতায় রূপ নেয় এবং রাসেল ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাসেলের বড় ভাই ফ্রান্সে থাকেন। পরিবারে ছোট ভাই রাসেলকে ঘিরে ছিল উচ্চশিক্ষা ও বিদেশযাত্রার নতুন স্বপ্ন। ভিসা পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় তার এমন মৃত্যুতে সেই স্বপ্ন এখন থেমে গেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সূত্রঃ কালবেলা

এমকে

আরো পড়ুন

বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত

সিলেটে মেয়রসহ নগর প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ