7.3 C
London
March 12, 2026
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেট হয়ে উঠছে অপরাধীদের অভয়ারণ্যঃ ছিনতাই, আন্তঃজেলা ডাকাত চক্র সক্রিয়

সিলেট অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি আন্তঃজেলা অপরাধচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা এবং ডাকাতির মতো বিভিন্ন অপরাধে জড়িত এই চক্রটি সম্প্রতি এক নারীকে অপহরণের চেষ্টা চালানোর ঘটনায় পুলিশের নজরে আসে। পরে তদন্তের মাধ্যমে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, চক্রটির সদস্যরা সিলেট শহরের সস্তা হোটেলগুলোকে অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহার করত। রাতে তারা হোটেলে অবস্থান করলেও ভোর হলে একটি সাদা প্রাইভেটকার নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। ব্যস্ত সড়ক ও নির্জন জায়গা পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে অপরাধ সংঘটিত করাই ছিল তাদের প্রধান কৌশল।

ঘটনার সূত্রপাত ৮ মার্চ ২০২৬ ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকায়। দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা ফাতেমা পারভেজ নিশি শ্রীমঙ্গলে কর্মস্থলে যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা প্রাইভেটকার এসে তাকে শ্রীমঙ্গল যাওয়ার প্রস্তাব দেয়। তিনি রাজি না হলে গাড়িটি আশপাশে ঘোরাফেরা করতে থাকে।

 

কিছুক্ষণ পর নিশি বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে। বাড়ির কাছাকাছি পৌঁছালে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি তার মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। প্রায় ১০ থেকে ১২ হাত দূর পর্যন্ত তাকে টেনে নেওয়া হলেও ধস্তাধস্তির এক পর্যায়ে সাহসিকতার সঙ্গে নিজেকে মুক্ত করে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।

ঘটনার পর ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশের বিশেষ টিম তদন্ত শুরু করে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজুর তত্ত্বাবধানে কমলগঞ্জ থানার একটি বিশেষ দল তদন্তে নামে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিঠু রায়, এসআই আমির উদ্দিন, এসআই রনি তালুকদার এবং এএসআই হামিদুর রহমানসহ একাধিক টিম সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের তথ্য বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে।

অবশেষে ১০ মার্চ সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাকির মিয়া (২৬), কাওছার আহমদ (৩৪) এবং জসিম মিয়া (৩৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোবহানীঘাট এলাকার আত্মা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণচেষ্টায় ব্যবহৃত সাদা প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একাধিক অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সিডিএমএস যাচাই করে তাদের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া তাদের সহযোগী জাহাঙ্গীর নামে আরেক সদস্য বর্তমানে পলাতক রয়েছে, যার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামে। তার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।

পুলিশের ধারণা, রমজান মাসে ভোরের ফাঁকা রাস্তায় একা পেয়ে ওই নারীকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালানো হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্তকারীদের মতে, এই চক্রের পেছনে আরও বড় অপরাধ নেটওয়ার্ক থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এম.কে

আরো পড়ুন

নিউইয়র্কে ডিম নিক্ষেপের পর প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশ ছেড়েছেন ৬ হাজার ৭০০ ভারতীয়

জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন-টিউশন ফি মওকুফ