18.4 C
London
September 24, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সুনামগঞ্জের ব্রিটিশ বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুই অভিযোগ

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল এসেক্সের ২৪ বছর বয়সী ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তার হাজির হওয়ার কথা রয়েছে।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৩ জুলাই রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। এর আগে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ জানানোর পর ওই তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ওই ঘটনার তদন্তের সঙ্গে সম্পর্কিত। পুলিশ আরও জানিয়েছে, অভিযোগকারী নারীকে বিশেষায়িত কর্মকর্তারা সহায়তা দিয়ে যাচ্ছেন।

রবিন দাস এসেক্সের টপ-অর্ডার ব্যাটার। ২০২০ সালে কাউন্টি দলটির হয়ে তার অভিষেক হয়। এখন পর্যন্ত এসেক্সের হয়ে তিনি ৬০টি ম্যাচে অংশ নিয়েছেন।

চলতি ২০২৬ মৌসুমে এসেক্সের হয়ে রবিন দাসের একমাত্র সিনিয়র ম্যাচ ছিল ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে ওয়ানডে কাপের ম্যাচ। এর দুই দিন পর, ২৩ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

অভিযোগ আনার পর থেকেই রবিন দাসকে সাময়িকভাবে নিষিদ্ধ করে রেখেছে এসেক্স। বিষয়টি নিশ্চিত করে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, ঘটনাটি ক্লাবের ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে ঘটেছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিবদ্ধ দলের একজন পুরুষ খেলোয়াড় সম্প্রতি ক্লাবের কার্যক্রমের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে আদালতে হাজির হয়েছেন। পুরো প্রক্রিয়ায় ক্লাব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ), ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রেখেছে।

এসেক্স জানিয়েছে, বিষয়টি সামনে আসার পর তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী সময়েও রবিন দাসের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। পাশাপাশি চলমান আইনি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।

ক্লাব আরও জানিয়েছে, কর্মীদের পেশাগত আচরণ এবং সুরক্ষা নিশ্চিত করতে তাদের কঠোর সেফগার্ডিং ও মানবসম্পদ নীতিমালা রয়েছে। এসেক্সের সব কর্মীর কাছ থেকে সর্বোচ্চ পেশাগত আচরণের মান বজায় রাখার প্রত্যাশা করা হয়।

তবে বিষয়টি এখন আদালতের আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় এ নিয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এসেক্স।

ক্রিকেট ক্যারিয়ারে রবিন দাস এসেক্সের হয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫০ ওভারের ক্রিকেটে তার ম্যাচ সংখ্যা ২৯ এবং টি-টোয়েন্টিতে ২৪। টি-টোয়েন্টি ক্রিকেটে তার দুটি ম্যাচ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ঢাকা ডমিনেটর্সের হয়ে।

তবে রবিন দাসের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তার পরবর্তী আইনি প্রক্রিয়া হওয়ার কথা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

ইংল্যান্ডে চিকিৎসকের ‘সিক নোট’-এর বদলে বিশেষ সহায়তা সেবা চালু

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছে কনজারভেটিভ সরকার

হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্ক