TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্কটল্যান্ডের গ্লাসগোর ব্যস্ত শপিং স্ট্রিটে সাপের তাণ্ডবঃ পথচারীদের কামড়ানোর চেষ্টা

স্কটল্যান্ডের গ্লাসগো শহরের অন্যতম ব্যস্ত শপিং এলাকা আর্গাইল স্ট্রিটে একটি পালিয়ে যাওয়া কমলা রঙের সাপ পথচারীদের দিকে বারবার ঝাঁপিয়ে পড়ে কামড়ানোর চেষ্টা করায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেন্ট ইনক শপিং সেন্টারের প্রবেশপথের সামনে ঘটে যাওয়া এই ঘটনা টিকটকে ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, সাপটি একটি কর্ন স্নেক, যা যুক্তরাজ্যের স্থানীয় প্রজাতি নয় এবং সম্ভবত কারও পোষা প্রাণী ছিল। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে হাঁটতে থাকা মানুষের গোড়ালির দিকে সাপটি বারবার ছোবল মারার চেষ্টা করছে, অথচ অনেক পথচারী প্রথমে সেটি টেরই পাননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে শপিং সেন্টারের নিরাপত্তাকর্মীরা একটি কার্ডবোর্ডের বাক্স দিয়ে সাপটিকে নিরাপদে ঢেকে ফেলেন। পরে সাধারণ মানুষের সহায়তায় সেটিকে নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করা হয় এবং স্কটিশ এসএসপিসিএ (Scottish SPCA) ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে গ্লাসগোর কার্ডোনাল্ডে অবস্থিত অ্যানিমাল রেসকিউ অ্যান্ড রিহোমিং সেন্টারে নিয়ে যায়।

ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “সাপটি স্পষ্টতই ভয় পেয়েছিল, তাই এমন আচরণ করছিল। এতে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।” আরেকজন মন্তব্য করেন, “সাপকে ভয় পাই, কিন্তু কখনো ভাবিনি গ্লাসগোর ব্যস্ত রাস্তায় হঠাৎ এমন দৃশ্যের মুখোমুখি হতে হবে।”

আরেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রাণীটি ‘ফাইট অর ফ্লাইট’ অবস্থায় ছিল। কেউ যদি এটিকে ফেলে রেখে থাকে, সেটি অত্যন্ত দুঃখজনক।” অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাজ্যে পোষা বিদেশি সাপ পরিত্যাগের ঘটনা আগেও ঘটেছে এবং এমন ঘটনা মানুষ ও প্রাণী—উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।

স্কটিশ এসএসপিসিএ জানিয়েছে, ১২ আগস্ট সাধারণ মানুষের কাছ থেকে সাপটি গ্রহণের পর তাদের অ্যানিমাল রেসকিউ কর্মকর্তা সেটিকে উদ্ধার করেন। বর্তমানে প্রাণীটি নিরাপদে রয়েছে এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচর্যা করা হচ্ছে। তবে কীভাবে সাপটি গ্লাসগো শহরের কেন্দ্রস্থলে এসে পৌঁছেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

‘বরিসওয়েভ’–এর আর্থিক চাপ ঠেকাতে অভিবাসন নীতি কড়া হচ্ছে যুক্তরাজ্যে, বলছেন বিশ্লেষকরা

প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান মর্কেলের বিচ্ছেদের গুঞ্জন

ব্রিটিশ কিশোর-কিশোরীদের আত্মহত্যার অনলাইনে গ্রুপ!

নিউজ ডেস্ক