TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্কটল্যান্ডে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করল স্কটিশ পার্লামেন্ট

স্কটল্যান্ডের জনসমাগমস্থলে বোরকা ও নিকাবসহ পুরো মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব বিপুল ভোটে প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্ট। রিফর্ম ইউকের এমএসপি হেলেন ম্যাকডেডের উত্থাপিত এই প্রস্তাবের বিপক্ষে ৯২ জন পার্লামেন্ট সদস্য ভোট দিয়েছেন। পক্ষে ছিলেন ১৫ জন। ভোটদানে বিরত ছিলেন আটজন।

প্রস্তাবে বলা হয়েছিল, জনসমাগমস্থলে বোরকা ও নিকাবসহ মুখ সম্পূর্ণ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করা হলে জননিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক সংহতি আরও উন্নত হতে পারে।

তবে প্রস্তাবটি নিয়ে তীব্র বিরোধিতা দেখা দেয়। বোরকা নিষিদ্ধের এই উদ্যোগকে মুসলিম নারীদের ওপর আক্রমণ এবং জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার প্রচেষ্টা বলে সমালোচনা করেন বিরোধীরা।

এর বিপরীতে স্কটিশ সরকারের আনা একটি সংশোধনীতে বলা হয়, নারীরা কী পোশাক পরবেন, সে বিষয়ে আইন প্রণয়ন করা পার্লামেন্টের কাজ নয়। পাশাপাশি স্কটল্যান্ডের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে, এমন বক্তব্য ও কর্মকাণ্ডের বিরোধিতা করার ক্ষেত্রে পার্লামেন্ট সদস্যদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত।

পার্লামেন্টে ৯২-১৫ ভোটে সংশোধনীটি পাস হয়। আটজন সদস্য ভোটদানে বিরত থাকেন।

এর ফলে জনসমাগমস্থলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার প্রস্তাবটি কার্যত প্রত্যাখ্যাত হলো। স্কটল্যান্ডে নারীদের পোশাক নির্বাচনের স্বাধীনতা এবং ধর্মীয় পোশাক নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।

সূত্রঃ স্কটিশ পার্লামেন্ট, এসটিভি নিউজ ও দ্য স্কটসম্যান

এমকে

আরো পড়ুন

ইমিগ্রেশন স্ট্যাটাস হারানোর ভয়ে সন্তানের প্রতিবন্ধী ভাতা বাতিল করলেন ঘানার সেবাকর্মী

ভাঙছে ব্রিটেনঃ স্বাধীনতার প্রশ্নে একজোট স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড

ব্রিটেনে ২০২১ সালে স্টুডেন্ট ভিসায় যেভাবে আবেদন করবেন

অনলাইন ডেস্ক