যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কার ও হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসাধারীদের জন্য স্থায়ী বসবাসের (ILR) আবেদনের বেতন সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে সরকার। নতুন নির্দেশনায় সাধারণভাবে বছরে কমপক্ষে ৪১,৭০০ পাউন্ড অথবা সংশ্লিষ্ট পেশার নির্ধারিত গোয়িং রেট—যেটি বেশি হবে, সেই বেতন থাকার শর্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে কয়েকটি নির্দিষ্ট শ্রেণির কর্মীদের জন্য এই সাধারণ বেতনসীমা থেকে অব্যাহতির ব্যবস্থাও তুলে ধরা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি চাকরির জন্য একটি নির্দিষ্ট অকুপেশন কোড রয়েছে এবং সেই কোড অনুযায়ী আলাদা বার্ষিক গোয়িং রেট নির্ধারণ করা হয়েছে। ফলে কেবল ৪১,৭০০ পাউন্ড আয় করলেই ILR-এর যোগ্যতা নিশ্চিত হবে না; সংশ্লিষ্ট পেশার নির্ধারিত বেতনসীমা যদি এর চেয়ে বেশি হয়, তাহলে সেই উচ্চতর বেতনই প্রযোজ্য হবে।
এ বিষয়ে সরকার একটি উদাহরণও দিয়েছে। যদি কোনো কর্মীর বার্ষিক বেতন ৪২,০০০ পাউন্ড হয়, কিন্তু তার চাকরির গোয়িং রেট ৪৫,০০০ পাউন্ড হয়, তাহলে তিনি ILR-এর বেতন শর্ত পূরণ করবেন না। কারণ এই ক্ষেত্রে ৪৫,০০০ পাউন্ডই যোগ্যতার ভিত্তি হিসেবে গণ্য হবে।
তবে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হচ্ছে না। সরকার জানিয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মীদের জন্য পৃথক বেতন কাঠামো থাকবে। এছাড়া ইমিগ্রেশন স্যালারি লিস্টে থাকা পেশার কর্মীরাও আলাদা নিয়মের আওতায় থাকবেন।
আরও একটি গুরুত্বপূর্ণ ছাড় রয়েছে তাদের জন্য, যারা ৪ এপ্রিল ২০২৪-এর আগে প্রথম স্কিলড ওয়ার্কার (বা সমমানের) ভিসার জন্য CoS পেয়েছেন এবং এরপর থেকে ধারাবাহিকভাবে স্কিলড ওয়ার্কার ভিসায় অবস্থান করছেন। এই আবেদনকারীদের ক্ষেত্রে পৃথক বেতন বিধান কার্যকর হবে।
এ ছাড়া International Sportsperson, T2 Sportsperson, Tier 2 (Sportsperson), T2 Minister of Religion এবং Tier 2 (Minister of Religion) ভিসাধারীরাও সাধারণ ৪১,৭০০ পাউন্ডের বেতনসীমার আওতায় পড়বেন না; তাদের জন্য আলাদা যোগ্যতার মানদণ্ড নির্ধারিত রয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশনা যুক্তরাজ্যে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব স্কিলড ওয়ার্কার আগামী দিনে ILR-এর আবেদন করার পরিকল্পনা করছেন, তাদের নিজেদের অকুপেশন কোড, গোয়িং রেট এবং কোন বেতন বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য—এসব বিষয় আগে থেকেই যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্রঃ লিজিট.এনজি
এম.কে

