19 C
London
June 2, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা দ্বিধার মাঝেই এবার পারস্য উপসাগরে নিজেদের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন হারানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। গত ৯ এপ্রিল এমকিউ-৪সি ট্রাইটন মডেলের এই ড্রোনটি হরমুজ প্রণালি অঞ্চলের আকাশে বিধ্বস্ত হয়। প্রায় ২৪ কোটি ডলার মূল্যের এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামুদ্রিক গোয়েন্দা নজরদারির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

মার্কিন নৌবাহিনীর নেভাল সেফটি কমান্ড জানায়, নিয়মিত টহল মিশন শেষে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ড্রোনটি হঠাৎ জরুরি সংকেত পাঠাতে শুরু করে। ফ্লাইট ডেটা অনুযায়ী, প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নামতে নামতে একপর্যায়ে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ঘটনাটিকে ‘ক্লাস এ মিশ্যাপ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সম্পূর্ণ প্ল্যাটফর্ম হারানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

নর্থরপ গ্রুম্যান নির্মিত এই ড্রোনটি দীর্ঘ সময় ধরে উচ্চ আকাশে থেকে বিস্তৃত সমুদ্র এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। উন্নত রাডার ও সেন্সর ব্যবস্থার কারণে এটি কার্যত একটি উড়ন্ত নজরদারি কেন্দ্র হিসেবে কাজ করে, যা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড্রোনটি কীভাবে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো কারণ জানায়নি মার্কিন কর্তৃপক্ষ এবং শত্রুপক্ষের সম্পৃক্ততার বিষয়টিও নিশ্চিত করা হয়নি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এমন একটি উচ্চপ্রযুক্তির ড্রোন হারানো শুধু তাৎক্ষণিক নজরদারিতে প্রভাব ফেলে না, বরং এর ধ্বংসাবশেষ প্রতিপক্ষের হাতে গেলে প্রযুক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও তৈরি করে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এই ঘটনা ঘটায় এর গুরুত্ব আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের ক্ষতি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সূত্রঃ এপি

এম.কে

আরো পড়ুন

ইউরোপে সন্তানের জন্ম দিতে দুই ঘন্টা সাঁতার কেটেছিলেন এক গর্ভবতী মা

ফ্রান্সের অভিবাসী আশ্রয়কেন্দ্রে তহবিল সহায়তা করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য ও ইউরোপে ২৭ মে, বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা