TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে মাইন ঝুঁকি এড়াতে নতুন রুট ঘোষণা ইরানের

হরমুজ প্রণালীতে মাইন ঝুঁকি এড়াতে জাহাজ চলাচলের জন্য নতুন রুট প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নৌ-মাইন এড়িয়ে চলার জন্য বিকল্প নৌপথ ব্যবহার করতে একটি মানচিত্র প্রকাশ করেছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রকাশিত মানচিত্রে একটি বৃত্তাকার এলাকা ‘বিপজ্জনক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, নৌ-মাইন ঝুঁকি এড়াতে জাহাজগুলোকে তাদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে।

আইআরজিসি আরও জানায়, যেসব তেলবাহী জাহাজ আগে প্রণালীর দক্ষিণে ওমান উপকূলের কাছ দিয়ে যাতায়াত করত, সেগুলোকে এখন আরও উত্তরের দিকে, ইরানের উপকূলের কাছাকাছি পথ ব্যবহার করার নির্দেশ দেয়া হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল (জাহাজের) নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। ‘টুডে’ নামের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এই প্রণালী ‘হাজার হাজার বছর ধরে খোলা ছিল’।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ‘বাস্তবে এই আগ্রাসন থেকে সরে না এলে’ হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না। অর্থাৎ, যুক্তরাষ্ট্র ‘আগ্রাসন’ বন্ধ করলে হরমুজ প্রণালী খুলে দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

খাতিবজাদেহ বলেন, ইরান ‘আন্তর্জাতিক রীতি ও আন্তর্জাতিক আইন’ মেনে চলবে। তবে তিনি এটিও বলেন যে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ইরান ও ওমানের ‘সদিচ্ছার’ ওপর নির্ভর করে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

বায়ুদূষণে কমছে মানবদেহে এন্টিবায়োটিকের কার্যকারিতা

৮০ হাজার কোটি ডলার চায় ইউক্রেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী বললেন—‘টাকা গাছে ধরে না’

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করে রাশিয়াঃ পুতিন