12.1 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মার্কিন নৌবাহিনী খুব শিগগিরই প্রণালীটি অবরোধ করবে এবং ইরানকে টোল প্রদানকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি জানান, হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করতে চাওয়া সব জাহাজের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। আন্তর্জাতিক জলসীমায়ও এমন জাহাজগুলোকে আটকের পদক্ষেপ নেওয়া হবে, যারা ইরানকে অর্থ প্রদান করেছে।

তিনি আরও বলেন, প্রণালীতে ইরান যে মাইন পেতে রেখেছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো ধ্বংসে তাৎক্ষণিক অভিযান শুরু করবে মার্কিন নৌবাহিনী। একইসঙ্গে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা শান্তিপূর্ণ জাহাজের ওপর কোনো ধরনের হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে।

ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, “অবৈধ টোল” প্রদানকারীদের জন্য সমুদ্রপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে না। তিনি দাবি করেন, ইরান এই প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায় করছে এবং তা থেকে লাভবান হচ্ছে।

এছাড়া এই অবরোধ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও কিছু দেশ যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি, যদিও সংশ্লিষ্ট দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন, এই পদক্ষেপ খুব শিগগিরই কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এখানে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে এই ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

গাঁজা ব্যবহারে হৃদরোগে মৃত্যুঝুঁকি দ্বিগুণ, স্ট্রোকের আশঙ্কা ২০%

ফরাসি রেস্তোরাঁ মালিকের ‘মানুষ কেটে রান্না করার’—চাঞ্চল্যকর স্বীকারোক্তি