বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন শেখ হাসিনাকে কেন্দ্র করে পরিচালিত না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তার মতে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।
সম্প্রতি ডেইলি ওয়াদাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ড্যান মোজেনা বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতে দিতে আমি রাজি নই। শেখ হাসিনার আগে বাংলাদেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।’
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মোজেনা বলেন, শেখ হাসিনার শাসনামলে অনেক মানুষকে ভয়াবহ দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই ক্ষত ও ক্ষোভ সহজে মুছে যাওয়ার নয়।
তবে তার মতে, অতীতের রাজনৈতিক ক্ষোভকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আটকে রাখা উচিত হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব হলো দেশের স্বার্থকে এগিয়ে নেওয়া। এজন্য ভারতের সঙ্গে কার্যকর যোগাযোগ ও আলোচনার বিকল্প নেই।
মোজেনা বলেন, সীমান্ত সমস্যা, বাণিজ্য, পানিবণ্টন, অভিবাসন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এসব সমস্যা থেকে সরে থাকার সুযোগ নেই। বরং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার ভারতে অবস্থান ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের অন্যতম অস্বস্তির কারণ হয়ে রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ভারতে অবস্থান করতে দেওয়া এবং সেখান থেকে তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলছে কি না, এমন প্রশ্নের জবাবে মোজেনা বলেন, ‘অবশ্যই, বিষয়টি স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশে তার রাষ্ট্রদূত থাকার পুরো সময়টাই শেখ হাসিনার সরকারের অধীনে কেটেছে। ফলে তার শাসনপদ্ধতি সম্পর্কে তিনি যথেষ্ট পরিচিত। শেখ হাসিনার শাসনামল দেশের মানুষের মধ্যে যে ক্ষতি ও অসন্তোষ তৈরি করেছে, তা তিনি বুঝতে পারেন।
শেখ হাসিনার বিষয়ে মোজেনার মূল্যায়নের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক। পেশাদার মার্কিন কূটনীতিক মোজেনা ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবেও কাজ করেছেন তিনি।
তার রাষ্ট্রদূত থাকার সময় বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও আওয়ামী লীগ সরকারের মধ্যে টানাপোড়েন চলছিল। ওই নির্বাচনে বিএনপি ও তার জোটসঙ্গীরা অংশ নেয়নি।
সে সময় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মোজেনার যোগাযোগ এবং দেশের বিভিন্ন এলাকায় সফর নিয়ে আওয়ামী লীগের একাংশের সমালোচনা ছিল। বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগও উঠেছিল।
তবে বাংলাদেশের ৬৪টি জেলা সফর করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং গ্রামীণ অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার জন্যও পরিচিতি পেয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে শেখ হাসিনার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে মোজেনা বলেন, ‘তার সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল অনেকটাই বৈপরীত্যপূর্ণ। আপনারা হয়তো মনে করতে পারেন, তিনি আমাকে প্রচণ্ড ঘৃণা করতেন। এমনকি প্রকাশ্যেই আমাকে ঘৃণা করার কথা বলতেন।’
তবে একই সময়ে শেখ হাসিনার সরকার তাকে দেশের ৬৪টি জেলা সফরের সুযোগ করে দিয়েছিল বলে জানান তিনি।
মোজেনা বলেন, শেখ হাসিনা তাকে অপছন্দ করলেও তার সফরের ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। এমনকি গোপালগঞ্জে শেখ হাসিনার পরিবারের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরিয়ে দেখানোর জন্য পরিবারের একজন সদস্যকেও তার সঙ্গে পাঠিয়েছিলেন। বিষয়টিকে তিনি নিজের কাছে বিস্ময়কর বলে উল্লেখ করেন।
শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি দিল্লিতেই অবস্থান করবেন—এমন প্রশ্নে মোজেনা বলেন, শেখ হাসিনার চিন্তাভাবনা সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা অনুমান করা তার পক্ষে সম্ভব নয়।
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।
প্রথমে তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। তবে দলটির লাখ লাখ বর্তমান ও সাবেক সমর্থকের বিষয়টি আলাদা করে উল্লেখ করেন।
পরে শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে মোজেনা বলেন, ‘বিষয়টি বলা কঠিন। তবে আমার ব্যক্তিগত ধারণা, তার সময় হয়তো এসেছে এবং শেষও হয়ে গেছে।’
তিনি মনে করেন, শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক তৎপরতা ভবিষ্যতেও আলোচনায় থাকতে পারে। তবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার শীর্ষ পদে তার ফিরে আসার সম্ভাবনা কম।
অন্যদিকে, শেখ হাসিনাকে ভারতের প্রত্যর্পণ করা উচিত কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মোজেনা। তিনি বলেন, ভারত কী করবে বা কী করা উচিত, সে বিষয়ে তার বিশেষ কোনো পর্যবেক্ষণ নেই।
সাক্ষাৎকারের শেষাংশে আবারও বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রসঙ্গ তুলে ধরে মোজেনা বলেন, শেখ হাসিনা এখন কোনো দেশের প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং নিজের মতো করে বিভিন্ন বক্তব্য ও লেখালেখি করছেন। এসব বিষয় উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।
সূত্রঃ ডেইলি ওয়াদা
এমকে

