20.8 C
London
August 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হিথ্রো বিমানবন্দরে রানওয়ের পাশে আগুনঃ সাময়িকভাবে থমকে গেল ফ্লাইট চলাচল;

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের দক্ষিণ রানওয়ের পাশের একটি ঘাসে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে বিমান চলাচল। আগুনের কারণে কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হয় এবং নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য কয়েকটি ফ্লাইট স্থগিত রাখা হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পরে উভয় রানওয়ে পুনরায় চালু করা হয় এবং বিমান ওঠানামা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে রানওয়ের পাশ থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় বিমানবন্দরের বিভিন্ন টার্মিনালে অবস্থানরত যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিমান চলাচলবিষয়ক বিশেষায়িত সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ রানওয়ের প্রবেশমুখের কাছে আগুন লাগায় নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়।

হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, দক্ষিণ রানওয়ের সংলগ্ন একটি ছোট ঘাসে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এরপর নিরাপত্তা পরীক্ষা শেষ হলে উভয় রানওয়ে আবার চালু করা হয় এবং স্বাভাবিকভাবে বিমান ওঠানামা শুরু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ধরনের নিরাপত্তা যাচাই সম্পন্ন করা হয়েছে। এ কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে।

সূত্রঃ মিরর

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের রাজনীতিতে টানাপোড়েন চরমেঃ ফারাজের সঙ্গে জোট নয়, কেমি ব্যাডেনকের নেতৃত্বেই টোরিদের বাজি

অবৈধ অভিবাসন নিয়ে মুখ খুলে সমালোচনায় টটেনহ্যামের সাবেক ম্যানেজার হ্যারি রেডন্যাপ

যুক্তরাজ্যে টিউলিপের হতে পারে ১০ বছরের জেল

নিউজ ডেস্ক