TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

‘৫০ বছর থাকলেও পুলিশ ধরবে না’—টিকটক ভিডিওর জেরে গ্রিস থেকে বহিষ্কার মৌলভীবাজারের ২৭ বছরের যুবক

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশ করে বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশিদের গ্রিসে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবক। তার সেই ভিডিও ঘিরে বিতর্কের পর এবার তাকে গ্রিস থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস সরকার।

 

বহিষ্কৃত বাংলাদেশির নাম মো. হাসান। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং প্রায় চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রিক সংবাদমাধ্যম প্রোটোথেমা ও একাথিমেরিনির প্রতিবেদন অনুযায়ী, হাসানের বিরুদ্ধে অভিযোগ, গত জুনে টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বাংলাদেশিদের গ্রিসের ঐতিহাসিক শহর নাফপ্লিওতে আসার আহ্বান জানান। সেখানে কাজের সুযোগ রয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশের ঝামেলায় পড়তে হবে না বলে দাবি করেন তিনি।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নাফপ্লিওতে যারা কাগজপত্র ছাড়া অবস্থান করছেন, তাদের চিন্তার কারণ নেই। এমনকি ৫০ বছর সেখানে থাকলেও পুলিশ তাদের খুঁজে বের করতে আসবে না বলে তিনি দাবি করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গ্রিসের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গ্রিক পুলিশের নজরে এলে তাকে শনাক্ত করা হয় এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়।

গ্রিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হাসানের আগে গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতি ছিল। তবে তার কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেয়। গ্রিক কর্তৃপক্ষের অভিযোগ, তার প্রচারণা মানবপাচার ও অবৈধ অভিবাসন নেটওয়ার্ককে সহায়তা করতে পারে।

প্রোটোথেমার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসে অবস্থান অব্যাহত রাখার জন্য হাসান তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন। কিন্তু তার তৃতীয় আবেদনটিও প্রত্যাখ্যান করা হয়। একটি বেসরকারি সংস্থার আইনজীবীরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার গ্রিসে থাকার অধিকার বজায় রাখার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত বহিষ্কারের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানস প্লেভরিসের ভাষ্য, বারবার আশ্রয়ের আবেদন করে অবস্থান দীর্ঘায়িত করার চেষ্টা হলেও আইন অনুযায়ী যাদের থাকার অধিকার নেই, তাদের শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানো হবে।

গ্রিসের অভিবাসন নীতিতে কঠোরতার ইঙ্গিত দিচ্ছে দেশটির প্রত্যাবাসনের পরিসংখ্যানও। প্রোটোথেমার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ২ হাজার ২০৭।

বিশেষ করে জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ২৯২ জনকে জোরপূর্বক বহিষ্কার করা হয়েছে, আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৯১৫। অর্থাৎ এক বছরে জোরপূর্বক বহিষ্কার বেড়েছে প্রায় ৪১ শতাংশ।

অন্যদিকে, ১১ নভেম্বর বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, ইউরোপ থেকে আরও ৪৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৪০ জন গ্রিস এবং চারজন সাইপ্রাস থেকে ফেরত এসেছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ব্র্যাকের অভিবাসন কর্মসূচি ও প্রবাসীকল্যাণ ডেস্কের মাধ্যমে তাদের জরুরি সহায়তা, পরামর্শ এবং আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহযোগী পরিচালক শরিফুল হাসান জানিয়েছেন, ইউরোপে অনিয়মিত পথে যাওয়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রবণতা বাড়ছে। বিশেষ করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস ও ইতালিতে প্রবেশের চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের যাত্রায় প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ইউরোপে পৌঁছাতে ৩০-৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত দেশে ফিরে আসতে হচ্ছে অনেককে। তাই ঝুঁকিপূর্ণ পথে না গিয়ে দক্ষতা অর্জন করে বৈধ অভিবাসনের সুযোগ নেওয়া প্রয়োজন।

গ্রিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির একাংশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর জন্য কিছু ব্যক্তি অনিয়মিত অভিবাসনের সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এতে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

সূত্রঃ একাথিমেরিনি

এমকে

আরো পড়ুন

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

ইতিহাসের সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান

ভারত সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ