দীর্ঘ দুই দশক পর আজ মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের মন্ত্রিসভা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে সময়ের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন ও পুরোনোদের মিশেলে মন্ত্রিসভার আকার শুরুতে ছোট রাখা হচ্ছে।
বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং পরে বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঐতিহাসিক প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানান, শপথের পরপরই বিএনপি তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করবেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে তিনজন প্রতিনিধিত্ব করবেন। তারা হলেন—হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
খন্দকার আবদুল মুক্তাদিরের মন্ত্রী হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন ও সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। তিনি জানান, সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ থেকে ফোন দিয়ে তাকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার জন্য একজন পিএসও অ্যাসাইন করা হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২১২টি আসনে জয়লাভ করে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত রয়েছে।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে আন্তর্জাতিক মর্যাদা দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে ১৩টি দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যতম হলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ভারত সরকারের পক্ষ থেকে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে পাকিস্তানসহ অন্যান্য দেশের সরকার প্রধানরাও রয়েছেন।
সূত্রঃ সিলেটের ডাক
এম.কে

