TV3 BANGLA
ছবি: গো ফান্ড মি
আন্তর্জাতিক

অতিরিক্ত বায়ূ ত্যাগের কারণে ভাড়াটিয়াকে ঘর ছাড়ার নোটিশঃ আদালতে কেইস

কানাডার টরন্টোতে বাড়ির ভেতরে ধূমপানের অভিযোগে দুই ভাড়াটিয়াকে উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন বাড়িওয়ালি। তবে ভাড়াটিয়াদের দাবি, তারা ঘরের ভেতরে ধূমপান করেন না। বাড়ির বাতাসে ক্ষতিকর উপাদানের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে তাদের স্বাভাবিক শারীরিক গ্যাস, শ্বাস-প্রশ্বাস ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া দায়ী হতে পারে। অদ্ভুত এই অভিযোগ-পাল্টা অভিযোগ শেষ পর্যন্ত গড়িয়েছে কানাডার বাড়িওয়ালা ও ভাড়াটে বিরোধ নিষ্পত্তি বোর্ডের শুনানিতে।

ঘটনাটি ঘটেছে কানাডার টরন্টোতে। ভাড়াটিয়া এস.ই. গ্রুমেট ও স্যাম ক্রুগার পেশায় কৌতুকাভিনেতা। তারা ‘ক্রিপি বয়েজ’ নামে একটি কমেডি অনুষ্ঠান পরিচালনা করেন। গত ২৯ অক্টোবর অন্টারিওর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডে বাড়ি থেকে উচ্ছেদের উদ্যোগের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।

তারা একটি রূপান্তরিত দ্বিতল বাড়ির নিচতলা ও বেসমেন্টে বসবাস করতেন। বাড়ির ওপরের তলায় থাকেন বাড়িওয়ালি তানিয়া অ্যান্ডারসন। তার অভিযোগ, বাড়ির ভেতরের বাতাসে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা ভিওসির মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এর ফলে তিনি ধারণা করেন, ভাড়াটিয়ারা ঘরের ভেতরে সিগারেট অথবা ভ্যাপ ব্যবহার করছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে তানিয়া বাড়িতে ‘এয়ারথিংস’ নামের একটি বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করেন। এরপর থেকে যন্ত্রটিতে মাঝেমধ্যেই বাতাসে ভিওসির মাত্রা বেড়ে যাওয়ার সংকেত পাওয়া যায়। বাড়িওয়ালি একাধিকবার ভাড়াটিয়াদের ধূমপান বন্ধ করার নির্দেশ দেন।

তবে গ্রুমেট ও ক্রুগার অভিযোগ অস্বীকার করেন। তাদের বক্তব্য, তারা বাড়ির ভেতরে সিগারেট কিংবা ভ্যাপ ব্যবহার করেন না। কখনো গাঁজা সেবন করলেও তা বাড়ির বাইরে গিয়ে করেন। ফলে বাড়ির বাতাসে দূষণের জন্য তাদের দায়ী করার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তারা।

পরিস্থিতি পরিষ্কার করতে ভাড়াটিয়ারাও নিজেদের ঘরে একটি বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করেন। কিন্তু সেই যন্ত্রেও বারবার অ্যালার্ম বাজতে থাকে। এতে তারা সমস্যার প্রকৃত কারণ খুঁজতে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

একপর্যায়ে তারা এক সপ্তাহের জন্য গ্যাসের চুলা, গরম পানির ব্যবস্থা এমনকি বিদ্যুতের ব্যবহারও বন্ধ রাখেন। জিমে গিয়ে গোসল করেন, মোমবাতি জ্বালানো বন্ধ করেন এবং ঘরের জানালা খোলা রাখেন। কিন্তু এত সতর্কতা নেওয়ার পরও যন্ত্রে বাতাসের দূষণের মাত্রা বেড়ে যাওয়ার সংকেত আসতে থাকে।

তারা লক্ষ্য করেন, দিনের বেলা ও রাতে ঘরের ভেতরে দূষণের মাত্রা বাড়ছে। অথচ তারা যখন বাড়ির বাইরে থাকেন, তখন সেই মাত্রা কমে আসে। এ পর্যবেক্ষণ থেকেই তাদের সন্দেহ হয়, সমস্যার উৎস হয়তো ঘরের কোনো যন্ত্র বা ধূমপান নয়, বরং মানুষের স্বাভাবিক শারীরিক কার্যক্রম।

এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে তারা এয়ারথিংস কোম্পানির প্রকাশিত তথ্য পর্যালোচনা করেন। সেখানে জানতে পারেন, মানুষের শ্বাস-প্রশ্বাস, ঘাম এবং শরীর থেকে নির্গত বিভিন্ন গ্যাসও ঘরের বাতাসের সেন্সরে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাতে দরজা-জানালা বন্ধ রেখে ঘুমানোর সময় এসব উপাদান ঘরের ভেতরে জমে বায়ুমানের পরিমাপে পরিবর্তন আনতে পারে।

এয়ারথিংসের ব্যাখ্যা অনুযায়ী, তাদের পর্যবেক্ষণ যন্ত্র বাতাসে নির্দিষ্ট কোনো দূষণকারী উপাদানকে আলাদাভাবে শনাক্ত করতে পারে না। ফলে শুধু সেন্সরে ভিওসির মাত্রা বেড়ে যাওয়ার সংকেত পাওয়া গেলেই কেউ ধূমপান করছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। অর্থাৎ যন্ত্রের অ্যালার্ম ধূমপানের অকাট্য প্রমাণ নয়।

এই তথ্য বাড়িওয়ালিকে জানানোর পরও তাদের বিরুদ্ধে ধূমপানের অভিযোগ ও নোটিশ দেওয়া বন্ধ হয়নি বলে দাবি করেন দুই ভাড়াটিয়া। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে স্যাম ক্রুগার বলেন, ‘আমি কীভাবে এই নারীকে প্রমাণ করব যে আমি শুধু বায়ু ত্যাগ করছি?’

বাড়ি থেকে উচ্ছেদের আশঙ্কায় শেষ পর্যন্ত তারা অনলাইনে আইনি লড়াইয়ের খরচ জোগাতে তহবিল সংগ্রহ শুরু করেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৩ হাজার ৪০০ ডলার অনুদান জমা পড়ে। তহবিল সংগ্রহের আবেদনে তারা লেখেন, বিষয়টি কোনো রসিকতা নয়। তারা চাইলেও এ নিয়ে রসিকতা করতে পারছেন না।

এদিকে, বাড়িওয়ালি তানিয়া অ্যান্ডারসন গত ২৯ জুন ভাড়াটিয়াদের একটি নোটিশ দিয়েছিলেন। সেখানে তিনি নিজের স্বাস্থ্য সুরক্ষার কারণ দেখিয়ে পুরো বাড়ির দখল নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অন্যদিকে, দীর্ঘদিন থিয়েটারের কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর এই বাড়িটিই ছিল গ্রুমেট ও ক্রুগারের প্রথম দীর্ঘমেয়াদি ঠিকানা। তাই বাড়িটি ছেড়ে যেতে রাজি নন তারা।

গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত শুনানিতে তাদের বন্ধু ও আত্মীয়রাও অনলাইনে যুক্ত হন। কানাডা ছাড়াও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে পরিচিতজনেরা শুনানির কার্যক্রম দেখেন। গ্রুমেটের ভাষ্য, বায়ু ত্যাগের কারণে বাড়ি থেকে উচ্ছেদের মুখে পড়ার এই অদ্ভুত পরিস্থিতি দেখতেই তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন।

ঘটনাটি নিয়ে কানাডার সংবাদমাধ্যম টরন্টো সান প্রতিবেদন প্রকাশ করেছে। তবে শুনানিতে শেষ পর্যন্ত বাড়িওয়ালি ও ভাড়াটিয়াদের বিরোধে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে চূড়ান্ত রায়ের তথ্য উল্লেখ করা হয়নি।

সূত্রঃ টরন্টো সান

এমকে

আরো পড়ুন

চীনের শেষ সম্রাটের ঘড়ি বিক্রি হলো ৬.২ মিলিয়ন ডলারে

বছরে ৬০ হাজার কর্মী নেবে জার্মানি

ইসরায়েলকে আঘাত করতে না পারলে ভারতকে টার্গেটঃ পাকিস্তানি সাবেক কূটনীতিকের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক