পরিবেশদূষণ, মাছের জীবনযাত্রার নিম্নমান, রোগের সংক্রমণ এবং ব্যাপক মৃত্যুহারের কারণে ব্রিটিশ খামারে উৎপাদিত স্যামন মাছের জৈব বা অর্গানিক সনদ প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের স্বনামধন্য সংস্থা সয়েল অ্যাসোসিয়েশন। দীর্ঘ ২০ বছর ধরে এই সনদ দিয়ে আসার পর সংস্থাটি জানিয়েছে, স্যামন চাষে পরিবেশ ও প্রাণিকল্যাণের মান তাদের নির্ধারিত উচ্চমান পূরণ করতে পারছে না। পরিস্থিতির দ্রুত উন্নতিরও যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে ব্রিটেনের স্যামন মাছের বাণিজ্যিক উৎপাদন, খামারে মাছের দুর্দশা, সামুদ্রিক পরিবেশের ক্ষতি এবং শিল্পটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের চিত্র তুলে ধরা হয়েছে।
১৯৭১ সালে স্কটল্যান্ডের ফোর্ট উইলিয়ামের পশ্চিম উপকূলে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে স্যামন মাছ চাষ শুরু হয়। তখন উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ১৪ টন। বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার এই শিল্পের পথিকৃৎ হিসেবে কাজ করে। ১৯৭৬ সালের মধ্যে স্কটল্যান্ডের তিনটি স্থানে উৎপাদন বেড়ে দাঁড়ায় বছরে ১১৬ টনে।
বর্তমানে ব্রিটিশ স্যামন চাষশিল্পের বার্ষিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি পাউন্ড। বছরে প্রায় ২ লাখ ৫ হাজার টন মাছ উৎপাদিত হয় এবং শুধু স্কটল্যান্ডেই এ খাতে প্রায় ২ হাজার ৫০০ মানুষ কাজ করেন।
ব্রিটিশ পরিবারগুলোর কাছে স্যামন অন্যতম জনপ্রিয় মাছ। দেশটিতে প্রতিবছর প্রায় ৬৫ হাজার টন স্যামন মাছ খাওয়া হয়। পুষ্টিগুণ, উচ্চমাত্রার প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস হিসেবে মাছটির প্রচার করা হয়।
তবে ভোক্তাদের অনেকেই জানেন না, সুপারমার্কেট থেকে কেনা অধিকাংশ স্যামন মুক্ত সমুদ্রে বেড়ে ওঠা বন্য মাছ নয়; বরং ঘনবসতিপূর্ণ শিল্পভিত্তিক খামারে উৎপাদিত মাছ।
স্যামন চাষের শুরুতে স্ত্রী মাছ থেকে ডিম সংগ্রহ করে কৃত্রিমভাবে নিষিক্ত করা হয়। এরপর নিয়ন্ত্রিত পরিবেশে মিঠাপানির হ্যাচারিতে ডিম ফুটিয়ে ছোট মাছ উৎপাদন করা হয়। মাছ বড় হলে সেগুলো বিভিন্ন পর্যায়ের ট্যাংক ও খাঁচায় স্থানান্তর করা হয়। ১২ থেকে ১৮ মাস বয়সে সেগুলো সমুদ্রের পানিতে ভাসমান বড় খাঁচায় রাখা হয়।
সেখানে মাছকে ফিশমিলের তৈরি খাবার দেওয়া হয় এবং রোগ প্রতিরোধে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়।
কিন্তু খাঁচায় অতিরিক্ত মাছ রাখার কারণে সামুদ্রিক উকুন বা সি-লাইসের সংক্রমণ বাড়ছে। এর ফলে মাছের শরীরে ফোসকা, ক্ষত ও ঘা তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে মাছের মাথা পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব পরজীবী নিয়ন্ত্রণে রাসায়নিক ও কীটনাশকজাতীয় ওষুধ ব্যবহার করা হয়। এতে একদিকে মাছের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অন্যদিকে সমুদ্রের পানিতে রাসায়নিক দূষণ ছড়িয়ে পড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে স্কটল্যান্ডের স্যামন খামারগুলোতে মাছ সংগ্রহের আগেই রেকর্ড ১ কোটি ৭৪ লাখ স্যামন মারা যায়। খামারে মাছের উচ্চ মৃত্যুহার এবং প্রাণিকল্যাণের নিম্নমান নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশবাদী সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে আসছে।
স্যামন চাষশিল্পের সম্প্রসারণের পাশাপাশি ব্রিটিশ উপকূলের আশপাশে বন্য আটলান্টিক স্যামনের সংখ্যা ৭০ শতাংশের বেশি কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের আশঙ্কা, খামারের রোগ, পরজীবী এবং দূষণ বন্য মাছের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে এসব সমস্যা আরও জটিল হচ্ছে।
প্রাকৃতিক পরিবেশে হাজার হাজার মাইল বিচরণ করা স্যামন মাছকে সীমিত জায়গার খাঁচায় আটকে রেখে চাষ করাও প্রাণিকল্যাণের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
স্যামন চাষের পরিবেশগত ক্ষতি ও মাছের দুর্দশার প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়েও আন্দোলন জোরালো হচ্ছে।
পরিবেশবাদী দাতব্য সংস্থা ওয়াইল্ডফিশের উদ্যোগে ২৬টি দেশের ছয়টি মহাদেশের ১২০ জনের বেশি শেফ একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। বিদ্যমান চাষপদ্ধতিতে পরিবর্তন না আসা পর্যন্ত তারা সামুদ্রিক খামারে উৎপাদিত স্যামন নিজেদের খাবারের তালিকা থেকে বাদ রাখার ঘোষণা দিয়েছেন।
ওয়াইল্ডফিশের অভিযোগ, স্যামন খামারে উকুন নিয়ন্ত্রণে ফরমালডিহাইডসহ কঠোর রাসায়নিক ব্যবহার করা হয়। মাছের বর্জ্য ও রাসায়নিক উপাদান সমুদ্রে দূষণ সৃষ্টি করছে। পাশাপাশি মাছের খাবার তৈরিতে বন্য সামুদ্রিক মাছের ওপর অতিরিক্ত নির্ভরতা পশ্চিম আফ্রিকার উপকূলীয় অঞ্চলে মাছের মজুত কমিয়ে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।
সয়েল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হেলেন ব্রাউনিং জানান, ২০ বছর আগে সমুদ্রে এমন একটি মাছ চাষব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছিলেন, যেখানে জৈব উৎপাদনের নীতিমালা অনুসরণ করা হবে। মাছের জন্য সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অন্য সামুদ্রিক প্রাণীর ওপর নেতিবাচক প্রভাব কমানোর পরিকল্পনা ছিল।
কিন্তু এত বছরেও সেই লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সংস্থাটির দীর্ঘ দুই বছরের পর্যালোচনায় দেখা গেছে, অর্গানিক সনদপ্রাপ্ত খামারগুলোতেও মাছের দুর্ভোগ ও মৃত্যুহার উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে এসব পরিস্থিতি সাধারণ খামারের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো নয়।
ওয়াইল্ডফিশের প্রধান নির্বাহী নিক মিশাম বলেন, সয়েল অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত স্যামন চাষশিল্পের পরিবেশগত বিপর্যয়, টেকসই উৎপাদনের সংকট এবং প্রাণিকল্যাণের দুরবস্থা সামনে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূচনা।
স্যামন চাষের পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই ইউরোপের কয়েকটি বড় প্রতিষ্ঠান খামারের মাছের খাবার হিসেবে বন্য মাছের পরিবর্তে মুরগির প্রক্রিয়াজাত উপজাত ব্যবহার শুরু করেছে।
নরওয়ের বড় সামুদ্রিক মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠান লেরয় সি-ফুড গ্রুপ জানিয়েছে, তাদের সব অফশোর স্যামন খামারে মুরগির উপজাত ব্যবহার শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি টেসকোর সরবরাহকারী।
টেসকোর পক্ষ থেকে বলা হয়েছে, সরবরাহকারীদের সঙ্গে তারা আরও টেকসই খাবারের উৎস নিশ্চিত করতে কাজ করছে। স্যামনের খাবারে মুরগির উপজাত ব্যবহার করলে সামুদ্রিক সম্পদের ওপর নির্ভরতা কমানো সম্ভব।
স্যামন চাষশিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো পরিবেশ ও মাছের জীবনযাত্রার মান নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
স্যামন স্কটল্যান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, সয়েল অ্যাসোসিয়েশনের লোগো প্রত্যাহারের অর্থ এই নয় যে ব্রিটিশ সরকারের দেওয়া অর্গানিক সনদও বাতিল হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে খামারগুলো আগের মতোই জৈব উৎপাদন মানদণ্ডের আওতায় মূল্যায়িত হবে।
তিনি আরও দাবি করেন, স্কটল্যান্ডের স্যামন খামারগুলো বিশ্বের অন্যতম কঠোর নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। প্রতিবছর এ খাতে ১ হাজার ৬০০টির বেশি নিরীক্ষা ও পরিদর্শন করা হয়। মাছের স্বাস্থ্য, পরিবেশগত কার্যক্রম ও নতুন প্রযুক্তিতে শিল্পটি ১০০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ করেছে।
তাদের দাবি, মাছের বেঁচে থাকার হার এখনো উচ্চ এবং সামুদ্রিক উকুনের গড় সংক্রমণের মাত্রা কম রয়েছে।
তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, সয়েল অ্যাসোসিয়েশনের সনদ প্রত্যাহারের পর খামারগুলোর পরিদর্শন প্রতিবেদন প্রকাশ করা জরুরি। এ নিয়ে দুই বছর ধরে তথ্য প্রকাশের দাবি জানিয়ে আসছে ওয়াইল্ডফিশ। বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালও প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছিল। তবে সয়েল অ্যাসোসিয়েশন ওই নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্প্রতি স্কটিশ স্যামনকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় খাদ্য রপ্তানি পণ্য হিসেবে উল্লেখ করে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ শিল্পের গুরুত্ব তুলে ধরেছেন।
এদিকে ২০২৫ সালে ব্রিটিশ সরকার শিল্পটির আবেদনের পর পণ্যের মোড়কে ‘ফার্মড’ বা খামারে উৎপাদিত শব্দটি বাদ দেওয়ার অনুমতিও দেয়।
ফলে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি আয়ের জন্য গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে স্যামন চাষকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে, অন্যদিকে পরিবেশদূষণ, মাছের মৃত্যু এবং প্রাণিকল্যাণের প্রশ্নে শিল্পটির উৎপাদনপদ্ধতি নিয়ে বিতর্ক আরও তীব্র হচ্ছে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

