কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, তার মুঠোফোন থেকে উদ্ধার হওয়া একটি বার্তায় আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঠে নামার প্রসঙ্গ উঠে এসেছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) এবং পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা করা হয়েছে। এরপরই পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মাঠে নামার বিষয়টি উল্লেখ ছিল। ওই বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে তার পরিবারের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম তদন্তের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, মামলাটির তদন্ত স্পেশাল রেসপন্স ইউনিট অথবা কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হতে পারে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী সাংবাদিকদের কাছে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। একটি বার্তায় বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। অন্য বার্তায় বলা হয়েছে, ডিসেম্বরে সবাই ‘জান বাজি রেখে’ মাঠে নামবে। ডিআইজি জানান, বার্তা দুটি মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে।
ডিআইজি আরও জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমের মুঠোফোন জব্দ করা হয়েছিল। পরে তদন্ত কমিটি গঠন করে ফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিআইজি। এ ঘটনায় পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত রয়েছেন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ডিআইজি বলেন, নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
সর্বশেষ রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের স্বার্থে পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
এমকে

