TV3 BANGLA
আন্তর্জাতিক

আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের, যুদ্ধজাহাজে নতুন অস্ত্র মোতায়েন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, পাকিস্তানে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোতে সর্বাধুনিক অস্ত্র ও গোলাবারুদ পুনরায় বোঝাই করা হচ্ছে। তিনি বলেন, “আমরা একটি নতুন ‘রিসেট’ শুরু করেছি। জাহাজগুলোতে আগের চেয়েও উন্নত অস্ত্র তোলা হচ্ছে, এবং প্রয়োজনে আমরা তা ব্যবহার করব।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো সমঝোতা না হয়, তাহলে আমরা এই অস্ত্র অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করব।”

ট্রাম্প ইঙ্গিত দেন, পরিস্থিতি খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তার ভাষায়, “প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই আমরা বুঝতে পারব কী ঘটতে যাচ্ছে।”

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক সংক্ষিপ্ত বার্তায় তিনি “বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিসেট” এর কথা উল্লেখ করেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এদিকে পাকিস্তানে সম্ভাব্য আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়লেও, ট্রাম্পের এমন কঠোর অবস্থান সেই আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

মার্কিন পররাষ্ট্র দফতর ভারতকে টার্গেট করছেঃ বিজেপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

নিউজ ডেস্ক

ওমরাহ পালনে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করল সৌদি সরকার