ইংল্যান্ডে ওষুধের প্রেসক্রিপশন ফি বাতিলের দাবি জানিয়েছেন ফার্মেসি খাতের নেতারা। তাদের দাবি, ওষুধের খরচ বহন করতে না পেরে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন। আগামী সপ্তাহের বাজেটে এই ফি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনাল ফার্মেসি অ্যাসোসিয়েশন (এনপিএ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনপিএর জন্য পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ মানুষ মনে করেন, যুক্তরাজ্যের অন্য দেশগুলোর বাসিন্দাদের প্রেসক্রিপশন ফি দিতে না হলেও ইংল্যান্ডের মানুষকে এই ফি দিতে হওয়া অন্যায্য। ১ হাজার ৭৮১ জন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি পরিচালিত হয়।
জরিপে আরও উঠে এসেছে, প্রতি ১০ জনে একজন প্রেসক্রিপশনের জন্য ৯ পাউন্ড ৯০ পেন্স খরচের কারণে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ থেকে বিরত থেকেছেন। এনপিএ যুক্তরাজ্যজুড়ে প্রায় ৬ হাজার স্বাধীন ফার্মেসির প্রতিনিধিত্ব করে।
সংগঠনটির চেয়ারম্যান অলিভিয়ের পিকার্ড বলেন, খরচের কারণে কেউ জীবন রক্ষাকারী ওষুধ গ্রহণ বন্ধ করার কথা বিবেচনা করছেন—এটি জাতীয় পর্যায়ের একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং গভীরভাবে অন্যায্য। তার ভাষায়, অসুস্থতার ওপর এই ‘নিষ্ঠুর কর’ স্বাস্থ্যসেবার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। একই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কেউ বিনা মূল্যে ওষুধ পেলেও অন্যদের অর্থ দিতে হওয়ায় বৈষম্য তৈরি হচ্ছে।
যুক্তরাজ্যের অন্যান্য অংশে ইতোমধ্যে প্রেসক্রিপশন ফি বাতিল করা হয়েছে। স্কটল্যান্ডে ২০১১ সালে, উত্তর আয়ারল্যান্ডে ২০১০ সালে এবং ওয়েলসে ২০০৭ সালে এই ফি তুলে নেওয়া হয়। তবে ইংল্যান্ডে নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষ এখনো বিনা মূল্যে প্রেসক্রিপশন পান।
১৬ বছরের কম বয়সী, ৬০ বছরের বেশি বয়সী এবং পূর্ণকালীন শিক্ষায় থাকা ১৬ থেকে ১৮ বছর বয়সীদের জন্য প্রেসক্রিপশন ফি প্রযোজ্য নয়। নির্দিষ্ট কিছু সরকারি ভাতা গ্রহণকারী এবং ক্যানসার, ডায়াবেটিস ও মৃগীরোগসহ কিছু রোগে আক্রান্ত ব্যক্তিরাও ছাড় পান। জন্মনিয়ন্ত্রণের ওষুধ এবং হাসপাতালে ভর্তি রোগীদের কিছু ওষুধও বিনা মূল্যে দেওয়া হয়।
দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে ক্রোনস অ্যান্ড কোলাইটিস ইউকের প্রধান নির্বাহী মারিয়ানে র্যাডক্লিফ বলেন, নিয়মিত ওষুধ প্রয়োজন এমন মানুষদের শুধু চিকিৎসার খরচের কারণে স্বাস্থ্য ও আর্থিক সামর্থ্যের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয়।
অন্যদিকে, অ্যাজমা অ্যান্ড লাং ইউকে জানিয়েছে, শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা কার্যত শ্বাস নেওয়ার অধিকার বজায় রাখতেও অর্থ দিচ্ছেন, কারণ এসব রোগ প্রেসক্রিপশন ফি থেকে অব্যাহতির তালিকায় নেই। সংস্থাটির প্রধান নির্বাহী সারাহ স্লিট বলেন, ওষুধ গ্রহণের সুযোগ কারও আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করা উচিত নয়।
এনপিএর তথ্য অনুযায়ী, গত বছর ইংল্যান্ডে প্রায় ১ কোটি ১৬ লাখ মানুষ প্রেসক্রিপশনের জন্য অর্থ দিয়েছেন। তবে প্রায় ৩৩ লাখ মানুষ প্রেসক্রিপশন প্রিপেমেন্ট সার্টিফিকেট (পিপিসি) ব্যবহার করেছেন, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য সব প্রেসক্রিপশনের খরচ মেটানো যায়।
বর্তমানে তিন মাসের পিপিসির মূল্য ৩২ পাউন্ড ৫ পেন্স এবং এক বছরের পিপিসির মূল্য ১১৪ পাউন্ড ৫০ পেন্স। এ ছাড়া স্বল্প আয়ের মানুষ এনএইচএসের নিম্ন আয়ের সহায়তা প্রকল্পের আওতায় বিনা মূল্যে প্রেসক্রিপশন পাওয়ার যোগ্য হতে পারেন।
এ বিষয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগের এক মুখপাত্র বলেন, ইংল্যান্ডে এনএইচএসের প্রায় ৯০ শতাংশ প্রেসক্রিপশন বর্তমানে বিনা মূল্যে সরবরাহ করা হয়। যারা অর্থ দিয়ে প্রেসক্রিপশন নেন, তাদের খরচ কম রাখতে গত দুই বছর ধরে ফি অপরিবর্তিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রেসক্রিপশন ফি থেকে সংগৃহীত প্রতিটি পেনি আবার এনএইচএসের জন্য ব্যয় করা হয়, যা সরাসরি স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহায়তা করে।
সূত্রঃ স্কাই নিউজ
এমকে

