8.6 C
London
March 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, ইউরোপজুড়ে নিরাপত্তা শঙ্কা

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তার নেতৃত্বে যুক্তরাজ্যে ইরানকে প্রায় অবাধে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

 

এক সাক্ষাৎকারে আইজ্যাক হারজগ বলেন, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ব্রিটেনে “যা খুশি তাই করছে” এবং এ বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান দুর্বল। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে ব্রিটিশ সরকার ইরান-সংক্রান্ত সন্ত্রাসী ঘটনার সংখ্যা সীমিতভাবে তুলে ধরছে, যখন বাস্তব পরিস্থিতি আরও উদ্বেগজনক।

সম্প্রতি ইহুদি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের একটি ঘটনা এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে। ঘটনায় দুইজন ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তদন্ত চলমান থাকায় তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাত এখন মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই প্রেক্ষাপটে আইজ্যাক হারজগ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইরান বিশ্বজুড়ে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনায় বিপুল অর্থ ব্যয় করছে এবং সরাসরি ও পরোক্ষ উভয় উপায়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

২০২৪ সালে ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এম আই ফাইভ জানিয়েছিল, ২০২২ সালের পর থেকে তারা ইরান-সমর্থিত প্রায় ২০টি সম্ভাব্য প্রাণঘাতী ষড়যন্ত্র প্রতিহত করেছে। এতে স্পষ্ট হয় যে, হুমকির মাত্রা এখনো কমেনি।

মার্চ মাসের শুরুতে আরও একটি ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়, যারা ইরানের পক্ষে ইহুদি লক্ষ্যবস্তুতে নজরদারি চালাচ্ছিল বলে সন্দেহ করা হয়। এসব ঘটনা ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

অন্যদিকে, ইরানের সামরিক সক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়ছে। দেশটি ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা তাদের পূর্বঘোষিত সীমার বাইরে। আইজ্যাক হারজগ সতর্ক করে বলেন, এই সক্ষমতা ইউরোপের দেশগুলোকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে।

তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের মতাদর্শ ও কৌশল সম্পর্কে বাস্তবধর্মী ধারণা নিতে হবে এবং সরলতা পরিহার করতে হবে, কারণ ভবিষ্যতে তারাও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

এদিকে, ব্রিটেনসহ বিশ্বজুড়ে ইহুদি-বিরোধী হামলার ঘটনাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে হাজার হাজার ইহুদি বিদ্বেষমূলক ঘটনার রেকর্ড হয়েছে।

তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার অবস্থান পরিষ্কার করেছেন। শুরুতে তিনি যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলার অনুমতি না দিলেও পরবর্তীতে প্রতিরক্ষামূলক কার্যক্রমের জন্য সীমিত অনুমোদন দেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের নিরাপত্তা নিশ্চিত করতে।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

একবার শুক্রাণু দিলেই শিক্ষার্থীরা পাবেন লাখ টাকা

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

অনলাইন ডেস্ক