8.6 C
London
March 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন ‘ট্রাম্প বিরোধী’ বিক্ষোভ

ইরানে সাম্প্রতিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এক নজিরবিহীন ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। লাখো মার্কিন নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও প্রশাসনের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। বিক্ষোভে মূল স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছে ‘নো কিংস’ বা ‘আমাদের কোনো রাজা নেই’।

দেশের ৫০টি অঙ্গরাজ্যের ৩ হাজার ২০০-এর বেশি শহরে এ বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগোসহ বড় শহরগুলোতে ইতিমধ্যেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছেন। আয়োজকদের দাবি, এটি এক দিনে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় অহিংস প্রতিবাদের ঘটনা হতে যাচ্ছে।

‘নো কিংস’ আন্দোলন ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ ও বিচার বিভাগসহ কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর তার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনকারীরা দাবি করেন, ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে স্থাপন করতে চাইছেন, যা সংবিধানের পরিপন্থী।

ইন্ডিভিজিবল প্ল্যাটফর্মের সহপ্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ জানান, এবার বিক্ষোভের বিশেষত্ব হলো ছোট শহরগুলোতেও তা অনুষ্ঠিত হচ্ছে। আইডাহো, ইউটাহ ও ওয়াইমিং-এর মতো রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও বিক্ষোভ চলবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন এসব বিক্ষোভকে তুচ্ছ করে বলেছেন, ‘ট্রাম্পবিরোধীদের মানসিক উন্মাদনা নিরাময়ের চিকিৎসা প্রয়োজন’। তবে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) মনে করছে, এই গণজোয়ারের মুখে ট্রাম্প প্রশাসন নতিস্বীকার করতে বাধ্য হবে।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল বিক্ষোভ ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে।

ওয়াশিংটনে শুক্রবার জন এফ কেনেডি পারফর্মিং আর্টস সেন্টারের সামনে শিল্পী, সাংবাদিক ও লেখকরা সমবেত হন। অস্কারজয়ী অভিনেত্রী ও অধিকারকর্মী জেন ফন্ডা বলেন, ‘যখন ভয় জেঁকে বসে, তখন নীরবতা ছড়িয়ে পড়ে। আমাদের এখনই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ সমাবেশে শিল্পীদের ওপর প্রশাসনের নিয়ন্ত্রণ, বই নিষিদ্ধ ও গণমাধ্যমে হস্তক্ষেপকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সরকারের পক্ষে ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে ৮৫০-এর বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে পশ্চিমা প্রতিবেদন অনুযায়ী, এই সংহতির আড়ালে ভিন্নমতাবলম্বীদের ওপর কঠোর দমন চলছে। মার্চ পর্যন্ত ২৭ দিনে প্রায় ১,৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের বর্তমান সংঘাত ও বিক্ষোভে এ পর্যন্ত ১,৯০০-এর বেশি মানুষ নিহত এবং অন্তত ২০,০০০ আহত হয়েছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

‘বিশ্বের সেরা’র শিরোপা পেল বাসমতী চাল

ট্রাম্প প্রশাসনের উপর অভিবাসন ব্যবস্থায় সর্ববৃহৎ প্রতারণার অভিযোগ

ভারতে ওয়াকফ আইন পাসঃ প্রথম পদক্ষেপেই গুঁড়িয়ে দেওয়া হল মাদ্রাসা