TV3 BANGLA
আন্তর্জাতিক

‘ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার’—মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি আবাসিক এলাকায় একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে দেশটির সরকার।

বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “আমরা যদি কোনো ইসরায়েলি নাগরিককে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে। কারণ, আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।”

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জোহর রাজ্যের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘নেটওয়ার্ক স্কুল’কে ঘিরে একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর জোহর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে তদন্তের আহ্বান জানায়।

এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগটির তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী জানান, সরকারি সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মালয়েশিয়ার আইন অনুযায়ী, দেশটি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে বিশেষ সরকারি অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি নেই। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে মালয়েশিয়া ইসরায়েলের কড়া সমালোচক এবং ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে।

এদিকে, তদন্তের অংশ হিসেবে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জোহরের ফরেস্ট সিটি এলাকার একটি আন্তর্জাতিক আবাসিক কমিউনিটিতে অভিযান চালায়। এ সময় ২৬৬ জন বিদেশি নাগরিকের অভিবাসন-সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা হয়।

অভিবাসন বিভাগ জানিয়েছে, তল্লাশিতে যাদের নথিপত্র যাচাই করা হয়েছে, তাদের সবার কাছেই বৈধ অভিবাসন-সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেছে। তবে ইসরায়েলি নাগরিকের উপস্থিতির অভিযোগের তদন্ত এখনও চলমান রয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা মালয়েশিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিরই প্রতিফলন, যেখানে দেশটি ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখে চলেছে।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

এম.কে

আরো পড়ুন

ভ্যাটিকানের ঐতিহ্য ভেঙে ফিলিস্তিনকে পোপ ফ্রান্সিসের স্বীকৃতি, নেপথ্যে কী

চীনের নতুন দাবিঃ ‘অরুণাচল নেই, ওটাই জ্যাংনান’—দিল্লির কড়া প্রতিক্রিয়া

ইরানের পারমাণবিক সাইট দখলের চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্রেরঃ সামরিক পরিকল্পনা বিপজ্জনক