ইসরায়েলের পরবর্তী সরকারে রাজনৈতিক অংশীদারত্ব নিশ্চিত করা হলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে প্রাথমিক সম্মতি দিয়েছেন ইউনাইটেড আরব লিস্টের (রাম) প্রধান মনসুর আব্বাস। ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের রাজনৈতিক সমীকরণে তার এই অবস্থান নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট পরবর্তী সরকারে অংশগ্রহণের জন্য কয়েকটি শর্ত দিয়েছেন। এর মধ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও রয়েছে।
পরিবর্তনপন্থী রাজনৈতিক জোটের সূত্রের বরাতে ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, মানসুর আব্বাস ওই জোটকে বার্তা দিয়ে জানিয়েছেন, প্রকৃত রাজনৈতিক ও সরকারি অংশীদারত্ব নিশ্চিত করা হলে তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে রাজি।
তবে শুধু শর্ত মেনে নেওয়ার আশ্বাসে সন্তুষ্ট নন আব্বাস। তার দাবি, ইউনাইটেড আরব লিস্টকে যেন কেবল সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। বরং সরকারে তার দলের কার্যকর অংশগ্রহণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা নিশ্চিত করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মনসুর আব্বাস রাজনৈতিক অংশীদারত্বের বিষয়ে জোটের কাছ থেকে আন্তরিক ও বাস্তব প্রতিশ্রুতি চাইছেন। তার মতে, কেবল রাজনৈতিক সমঝোতার শর্ত পূরণ করলেই হবে না, সরকার পরিচালনায় অর্থবহ অংশগ্রহণের নিশ্চয়তাও থাকতে হবে।
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা ও দর-কষাকষির মধ্যেই আব্বাসের এই অবস্থান সামনে এসেছে।
সূত্রঃ মিডল ইস্ট মনিটর
এমকে

